চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গতকাল শুক্রবার তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া অটোরিকশাটি।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সদর উপজেলার দিঘী ইউনিয়নের ঘোনা গ্রামের আয়নাল হক (২৫), বাটভাউর গ্রামের আমিনুর রহমান (৩০) এবং জাগীর ইউনিয়নের বাইচাইল গ্রামের হাবিবুর রহমান (৪০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকালে পুলিশ ঘোনা গ্রাম থেকে আয়নালকে গ্রেপ্তার করে। এ সময় উদ্ধার করা হয় ছিনতাই হওয়া অটোরিকশাটি। পরে আয়নালের দেওয়া তথ্য অনুযায়ী আমিনুর ও হাবিবুরকে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ মুন্সী বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গত সোমবার রাতে মানিকগঞ্জ পৌর এলাকার বেউথা গ্রামের দেবাশীষকে (২৫) হত্যার পর দুর্বৃত্তরা অটোরিকশা ছিনতাই করে। মঙ্গলবার সকালে দিঘী ইউনিয়নের কয়রা এলাকার একটি খেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় মঙ্গলবার তাঁর পরিবারের পক্ষ থেকে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা করা হয়।