চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় মামলা
সিলেটের বিশ্বনাথে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে।চালক শানুর আলীর বড় ভাই আমিনুল ইসলাম গত শুক্রবার রাতে এই মামলা করেন। মামলায় চারজনকে আসামি করা হয়েছে।পুলিশ জানায়, বিশ্বনাথ থানার পুলিশ গত শুক্রবার রাতে উপজেলার নাচুনী গ্রামের সুমনের কলোনি থেকে আসামি সুমন মিয়াকে (২২) গ্রেপ্তার করেছে। তাঁর বাড়ি ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গুনিপুর গ্রামে। সুমনের স্বীকারোক্তি অনুযায়ী, গতকাল শনিবার বিকেলে সিলেটের শেখঘাট এলাকা থেকে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়।বিশ্বনাথ থানার পরিদর্শক (তদন্ত) শাহজালাল মুন্সী বলেন, মামলার অপর আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।গত বুধবার রাতে সিএনজিচালিত অটোরিকশার চালক শানুর আলীকে খুন করে তাঁর অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে বৃহস্পতিবার রাতে পুলিশ উপজেলার সাড়ইল গ্রামের একটি ডোবা থেকে তাঁর লাশ উদ্ধার করে।