চালককে হত্যা করে অটোরিকশাছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর শিবপুরে ফালা গনি (১৬) নামের এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার ভুরবুড়িয়া এলাকায় আবদুল মান্নান ভূঁইয়া কলেজ সড়কের সেতুর নিচ থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। ফালা গনি রায়পুরার মির্জানগর ইউনিয়নের পূর্বকান্দি গ্রামের আবদুল লতিফের ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ফালা গনি একজন শারীরিক প্রতিবন্ধী। সে দুই বছর ধরে উপজেলার রাধাগঞ্জ-হাসনাবাদ সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে আসছিল। গত রোববার বিকেল পাঁচটার দিকে রায়পুরা উপজেলার হাসনাবাদ বাজার থেকে চার-পাঁচজন যাত্রী নিয়ে সে রাধাগঞ্জের উদ্দেশে রওনা দেয়। কিন্তু সে রাধাগঞ্জে পৌঁছায়নি বলে নিশ্চিত করেন রাধাগঞ্জ অটোরিকশা স্ট্যান্ডের লাইনম্যান বেদন মিয়া। পরে ফালা গনি ওই দিন রাতেও বাড়ি ফেরেনি। গতকাল সকালে শিবপুরের ভুরবুড়িয়া সেতুর নিচে একটি লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। শিবপুর থানায় গিয়ে ফালা গনির বাবা লাশটি শনাক্ত করেন।

শিবপুর থানার ওসি ফিরোজ আল জালাল বলেন, দুর্বৃত্তরা ফালা গনিকে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহত ফালার চাচা সামসুদ্দীন বাদী হয়ে শিবপুর থানায় মামলা করেছেন।