চালককে হত্যা করে ও পিটিয়ে দুটি মোটরসাইকেল ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গত শনিবার রাতে শাহ আলম নামের এক ব্যক্তিকে পিটিয়ে তাঁর মোটরসাইকেলটি ছিনতাই করেছে ছিনতাইকারীরা। পরে চিকিৎসাধীন অবস্থায় শাহ আলমের মৃত্যু হয়। একই রাতে নীলফামারীর সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য রশিদুল হককে পিটিয়ে তাঁর মোটরসাইকেলটি ছিনতাই করা হয়েছে।

রায়গঞ্জ থানার ওসি আনিসুর রহমান জানান, দেবরাজপুর গ্রামের মোজাহার আলীর ছেলে শাহ আলম শনিবার রাত ১০টার দিকে চান্দাইকোনা বাজার থেকে তিনজন যাত্রী নিয়ে রওনা দেন। ধলজান এলাকায় পৌঁছালে যাত্রীবেশে থাকা ওই তিন ব্যক্তি শাহ আলমের মুখে কাগজ ঢুকিয়ে বেধড়ক পিটিয়ে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। শাহ আলমকে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল দুপুরে ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় শাহ আলমের ভগ্নিপতি মামলা করেছেন।

জানা গেছে, সৈয়দপুরের ইউপির সদস্য রশিদুল শনিবার রাতে রংপুরের তারাগঞ্জ হাট থেকে মোটরসাইকেলে করে টেপাদহ গ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন। রাত দুইটার দিকে বাগানবাড়ি এলাকায় পৌঁছালে সড়কের পাশে গাছের সঙ্গে বাঁধা দড়ি টেনে দুর্বৃত্তরা মোটরসাইকেলটি আটকায়। এরপর তারা রশিদুলকে পিটিয়ে মোটরসাইকেলটি নিয়ে যান।