চালককে হত্যা করে কাপড় লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পুরিন্দা এলাকা থেকে গতকাল শুক্রবার সকালে জিতু মিয়া (৩২) নামের এক কাভার্ড ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গুরুতর অবস্থায় জিতুর সহযোগী রনিকে (১৮) উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত জিতু মিয়ার বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার আমতলী গ্রামে। রনির বাড়ি একই গ্রামে।
আহত রনির বরাত দিয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ গতকাল বিকেলে জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় চট্টগ্রাম থেকে ২৭১ রোল কাপড় নিয়ে কাভার্ড ভ্যানটি ঢাকার উদ্দেশে রওনা হয়। চট্টগ্রামে কাপড় তোলার সময় কারখানার কর্মকর্তা পরিচয় দিয়ে দুই ব্যক্তি তাঁদের সোনারগাঁয়ের কাঁচপুরে নামিয়ে দিতে বলেন এবং গাড়িতে উঠে পড়েন। পরে ওই দুজন ঠান্ডা পানীয়র দুটি বোতল বের করে তাঁদের পান করান। কিছুক্ষণ পর তাঁদের মাথা ঘোরাতে থাকে। ওই দুই ব্যক্তি রাস্তার নির্জন স্থানে গাড়ি থামিয়ে চালক জিতুকে শ্বাস রোধ করে হত্যা করেন। এরপর রনি অচেতন হয়ে পড়েন। গতকাল সকালে রনি দেখতে পান, তাঁরা রাস্তার পাশে পড়ে আছেন। গাড়ির ভেতরে কোনো কাপড় নেই। দুর্বৃত্তরা সব কাপড় নিয়ে গেছে।
ওসি আরও জানান, ছিনতাই হওয়া কাপড়ের মূল্য কোটি টাকা হতে পারে।