চালককে হত্যা করে পিকআপ ছিনতাই!
মাগুরা-ঝিনাইদহ সড়কের মাগুরার হাজরাপুর এলাকা থেকে গতকাল মঙ্গলবার ভোরে সিরাজুল ইসলাম (৬০) নামের এক পিকআপের চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
অভিযোগ উঠেছে, ওই চালককে শ্বাসরোধে হত্যার পর তেলবোঝাই পিকআপটি ছিনতাই করা হয়েছে। এ সময় চালকের ভাগনে ও সহকারী জাকের হোসেনকে জোর করে চেতনানাশক খাইয়ে অচেতন অবস্থায় সড়কে ফেলে দেওয়া হয়। চালক সিরাজুল ইসলামের বাড়ি কুষ্টিয়ার কাতুলিয়া গ্রামে। এ ঘটনায় জাকের হোসেন সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, যশোরের সানতলায় ওই পিকআপের সন্ধান পাওয়া গেছে। এখন তা উদ্ধারের তৎপরতা চলছে।
জাকের হোসেন প্রথম আলোকে জানান, পিকআপের চালক সিরাজুল ইসলাম তাঁর মামা। গত সোমবার বিকেলে ঢাকার কাঁচপুর থেকে বোতলজাত করা রুপচাঁদা সয়াবিন তেল বোঝাই করে পিকআপ নিয়ে তাঁরা রাজবাড়ী ফিরছিলেন। পাটুরিয়া ফেরিঘাট হয়ে রাজবাড়ী মোড়ে আসার পথে রাত সাড়ে ১১টার দিকে দু-তিনজন দুর্বৃত্ত পিকআপে ওঠে। একপর্যায়ে তারা চালককে শ্বাসরোধে হত্যা করে। এরপর তারা পিকআপের নিয়ন্ত্রণ নেয়।