চালককে হত্যা করে মাইক্রোবাস ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে চালককে হত্যা করে একটি নোয়া মাইক্রোবাস নিয়ে গেছে ছিনতাইকারীরা। মহাসড়কের মনসারটেক থেকে পটিয়া থানার পুলিশ গত বুধবার সকালে অজ্ঞাতনামা হিসেবে মাইক্রোবাসটির চালক মো. কাশেম আলীর (২৫) লাশ উদ্ধার করে। রাতে লাশ শনাক্ত করা হয়। তাঁর বাড়ি কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি গ্রামে। ময়নাতদন্ত শেষে তাঁর লাশ গ্রামের বাড়িতে নিয়ে গতকাল বৃহস্পতিবার দাফন করা হয়। জানা যায়, ছিনতাইকারীরা মঙ্গলবার রাতে চট্টগ্রাম বিমানবন্দরে আসার কথা বলে কক্সবাজার থেকে মাইক্রোবাসটি ভাড়া করেছিল। তারা পটিয়া থানা এলাকার কোনো এক স্থানে চালককে হত্যা করে মাইক্রোবাস নিয়ে পালিয়ে যায়।ওই মাইক্রোবাসের মালিক ও একই এলাকার বাসিন্দা নুরুল আজিম প্রথম আলোকে বলেন, বুধবার সকালে কাশেম না ফেরায় তিনি তাঁকে মোবাইলে ফোন করেন। অপর প্রান্ত থেকে এক লোক জানান, তিনি কাশেম নামে কাউকে চেনেন না। পথে সিমকার্ডটি কুড়িয়ে পেয়েছেন। এতে সন্দেহ হলে তাঁরা নানা জায়গায় খোঁজ নেন। অবশেষে বুধবার রাতে পটিয়ার মনসারটেকে কাশেমের লাশ পাওয়া যায়।