চালককে হত্যা করে মাইক্রোবাস ছিনতাই
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বান্নাখোলা এলাকায় গত শুক্রবার রাতে চালককে হত্যা করে একটি মাইক্রোবাস ছিনতাই করেছে দুর্বৃত্তরা। পরে গতকাল শনিবার সকালে যশোরের মনিহার চত্বর থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) একটি দল ওই মাইক্রোবাস জব্দ এবং এর তিন আরোহীকে গ্রেপ্তার করে। নিহত চালকের নাম জাহাঙ্গীর আলম (২৬)। তাঁর বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ঘুষব্যাত গ্রামে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার শালিয়াবাজার গ্রামের আবদুল্লাহ আল মামুন (২৫), চরডাঙ্গা গ্রামের সাইফুল ইসলাম (২২) ও বাবনাপাড়া গ্রামের আরিফুজ্জামান (২২)।ঘিওর থানা ও অন্যান্য সূত্রে জানা গেছে, টাঙ্গাইলের নাগরপুর যাওয়ার কথা বলে কয়েকজন দুর্বৃত্ত ঢাকার আশুলিয়ার নবীনগর এলাকা থেকে শুক্রবার বিকেলে ওই মাইক্রোবাস ভাড়া নেয়। ওই রাতে নাগরপুর থেকে ফেরার পথে দুর্বৃত্তরা এর চালক জাহাঙ্গীরকে শ্বাসরোধে হত্যা করে তাঁর লাশ বান্নাখোলা এলাকায় ফেলে রেখে মাইক্রোবাস নিয়ে পালিয়ে যায়। মাইক্রোবাসটির মালিক আশুলিয়ার ডেন্ডাবর এলাকার লুৎফর রহমান। তিনি প্রথম আলোকে জানান, জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে ওই এলাকায় থেকে গাড়ি চালাতেন।পুলিশ শুক্রবার রাতেই তাঁর লাশ উদ্ধার করে। মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে গতকাল তাঁর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় ঘিওর থানার উপপরিদর্শক (এসআই) মো. লুৎফর রহমান বাদী হয়ে গতকাল হত্যা মামলা করেছেন। র্যাব-৬-এর উপসহকারী পরিচালক (ডিএডি) এবাদত হোসেন প্রথম আলোকে জানান, গতকাল সকাল ১০টার দিকে যশোরের মনিহার এলাকায় পৌঁছালে মাইক্রোবাসের জ্বালানি ফুরিয়ে যায়। এ সময় মাইক্রোবাসের আরোহীদের আচরণ সন্দেহজনক মনে হলে তাদের চ্যালেঞ্জ করা হয়। এবাদত হোসেন বলেন, পরে র্যাব সূত্রে চালককে হত্যা করে মাইক্রোবাস ছিনতাইয়ের ঘটনা তাঁরা জানতে পারেন। শুক্রবার রাতে ছিনতাই করা ও গতকাল সকালে জব্দ করা মাইক্রোবাসের নম্বর একই। গ্রেপ্তার করা ওই তিন ব্যক্তিকে গতকাল রাতে ঘিওর থানা পুলিশে সোপর্দ করার কথা ছিল।