চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় লিটন সরকার (৩৫) নামের এক ব্যক্তিকে গলাকেটে হত্যা করে মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাতে উপজেলার ছেঙ্গারচর-বাগানবাড়ি সড়কের শিকারিকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লিটন সরকারের বাড়ি উপজেলার বারোআনি গ্রামে। তিনি নিজের মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী আনা-নেওয়া করতেন। পুলিশের ধারণা, একটি সংঘবদ্ধ চক্র গাড়ি ছিনতাইয়ের উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। পুলিশ জানায়, শুক্রবার রাতে দুজন যাত্রী নিয়ে লিটন ওই সড়ক দিয়ে লেংটার মাজারে যাচ্ছিলেন। রাত আনুমানিক নয়টায় শিকারিকান্দি এলাকায় পৌঁছালে যাত্রীবেশী দুর্বৃত্তরা লিটনকে গলাকেটে হত্যা করে লাশ সড়কের পাশে ফেলে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান বলেন, ‘এ ঘটনায় নিহত লিটনের ভগ্নিপতি আবু জাফর শুক্রবার রাতে থানায় মামলা করেছেন। এখনো কেউ গ্রেপ্তার হয়নি।’ তিনি জানান, ময়নাতদন্তের জন্য লাশটি গতকাল শনিবার চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।