চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই
বাগেরহাটে চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাতে সদর উপজেলায় ঘটনাটি ঘটে। নিহত বাপ্পী শিকদার (২৩) জেলার বিভিন্ন জায়গায় ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। আজ মঙ্গলবার ভোরে সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের সিএন্ডবি বাজারের বাবুর শ্মশানঘাট থেকে পুলিশ বাপ্পীর লাশ উদ্ধার করেছে।
পুলিশ জানায়, নিহতের মাথা, মুখ ও কানের পাশে ধারালো অস্ত্রের সাতটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. সেলিম উদ্দিন জানান, আজ সকাল সাড়ে আটটার দিকে নিহত বাপ্পীর ফুপাতো ভাই রাসেল লাশ শনাক্ত করেন। বাপ্পীর মোটরসাইকেল, মানিব্যাগ ও মুঠোফোন পাওয়া যাচ্ছে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা যাত্রীবেশে উঠে তাঁকে হত্যা করে মোটরসাইকেল ও অন্যান্য জিনিস ছিনতাই করে নিয়ে গেছে।
রাসেল প্রথম আলোকে বলেন, ‘সোমবার রাত ১০টার দিকে বাপ্পী মোবাইলে আমাকে জানায়, সে ভাড়া নিয়ে বাগেরহাট থেকে মোরেলগঞ্জে আসছে। রাত ১১টার দিকে সে তার মাকেও মোবাইলে একই কথা জানায়। এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। আমরা রাতেই বিভিন্ন স্থানে তার খোঁজ করি, কিন্তু তাকে কোথাও পাইনি। ভোরে বাপ্পীর লাশ উদ্ধারের খবর পাই।’
বাপ্পী বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার তেলিগাঁতি ইউনিয়নের ব্রাহ্মণগাঁতি গ্রামের আব্দুস সাত্তার শিকদারের ছেলে।