চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দে চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে গেছে একদল দুর্বৃত্ত। গত শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ওই মোটরসাইকেল চালকের নাম হাসান সরদার (৩০)। তিনি ফরিদপুর সদর উপজেলার মাধবদিয়া ইউনিয়নের শমসের খাঁর ডাঙ্গী গ্রামের ইদ্রিস সরদারের ছেলে। গোয়ালন্দ ঘাট থানা পুলিশ রোববার বিকেলে হাত-পা বাঁধা অবস্থায় ভাগলপুর এলাকার একটি খাল থেকে তাঁর লাশ উদ্ধার করে। গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, হাসান সরদার শনিবারও মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। রাতে বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাঁকে বিভিন্ন স্থানে খোঁজ করেন। রোববার বিকেলে গোয়ালন্দের ভাগলপুর খালে এক তরুণের লাশ ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ বিকেল পাঁচটার দিকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। গোয়ালন্দে অজ্ঞাতনামা তরুণের লাশ পাওয়ার সংবাদ পেয়ে রোববার রাতেই হাসানের পরিবারের সদস্যরা থানায় আসে এবং লাশটি হাসানের বলে শনাক্ত করেন।হাসান সরদারের আত্মীয় আসমত আলী জানান, হাসান ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। সম্ভবত দুর্বৃত্তরা মোটরসাইকেল ভাড়া করার পর ছিনতাইয়ের জন্য হাসানকে শ্বাসরোধে হত্যা করেছে।গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক ইলিয়াস মুন্সি জানান, এ ঘটনায় হাসানের ছোট ভাই আবুল হোসেন বাদী হয়ে রোববার রাতে থানায় হত্যা মামলা করেছেন।