চালককে হত্যা, মাইক্রোবাসছিনতাই
চট্টগ্রাম থেকে যাত্রীবেশে মাইক্রোবাস ভাড়া করে চালক মো. খোকনকে (৩৭) হত্যার পর মাইক্রোবাসটি ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারীরা।
নিহত চালকের গলাকাটা লাশ গতকাল মঙ্গলবার নোয়াখালীর চাটখিল উপজেলার দক্ষিণ বদলকোট গ্রামের একটি ধানখেত থেকে উদ্ধার করা হয়েছে।
নিহত খোকন চট্টগ্রামের কর্ণফুলী থানার চরপাথরঘাটা এলাকার মৃত আবদুল বারেকের পুত্র। গতকাল সন্ধ্যায় নিহতের স্ত্রী রেজিয়া বেগম সুধারাম (সদর) চাটখিল থানায় এসে স্বামীর লাশ শনাক্ত করেন। এর আগে সকালে থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ময়নাতদন্ত শেষে চাটখিল থানার পুলিশ লাশটি সুধারাম থানায় রাখে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকালে চাটখিলের বদলকোট ইউনিয়নের দক্ষিণ বদলকোট এলাকার বাসিন্দারা স্থানীয় একটি বাঁশঝাড়ের পাশের ধানখেতে গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামালের নেতৃত্বে একদল পুলিশ সকাল সাড়ে সাতটার সময় লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, ‘ঘটনার সূত্রপাত যেহেতু চট্টগ্রামে, সেখানকার থানায়ই এ ঘটনায় মামলা দায়ের হবে। আমরা লাশের আইনি প্রক্রিয়া শেষ করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করে দিয়েছি।’