চালককে হত্যা মোটরসাইকেল ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় চালককে গলা কেটে হত্যা করে তাঁর মোটরসাইকেলটি নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার মৃগালি এলাকার সেতুর কাছ থেকে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ।
চালকের নাম আনোয়ার হোসেন (৪২)। তাঁর বাড়ি ঈশ্বরগঞ্জ উপজেলার ডেক্কুয়ার চর গ্রামে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঈশ্বরগঞ্জ-আঠারবাড়ি সড়কের মৃগালি এলাকার সেতুর কাছে তাঁর লাশ পড়ে থাকতে দেখে লোকজন পুলিশকে খবর দেন। রাতেই পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। গতকাল শুক্রবার লাশটি ময়নাতদন্তের হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ ও পরিবার জানায়, আনোয়ার হোসেন মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী পরিবহন করতেন। তাঁর স্ত্রী শিউলি আক্তার বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় আনোয়ার তাঁকে মুঠোফোনে জানায় যাত্রী থাকায় তাঁর বাড়ি ফিরতে দেরি হতে পারে। রাত সাড়ে ১১টার দিকে তিনি (শিউলি) জানতে পারেন তাঁর স্বামীকে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে।
ঈশ্বরগঞ্জের আঠারবাড়ি ইউনিয়নের রায়েরবাজার পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. ফারুকুজ্জামান জানান, বৃহস্পতিবার রাতে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মোটরসাইকেলচালকের লাশ উদ্ধার করা হয়েছে।