চালককে হত্যার দায়ে সহকারীর যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় ট্রাকচালক হত্যা মামলায় চালকের সহকারী কবির হোসেনকে (২৭) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। 

আজ সোমবার দুপুরে কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক রেজা মো. আলমগীর হাসান এ রায় দেন।

কবির হোসেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কবিরপুর গ্রামের বাসিন্দা।

মামলার সংক্ষিপ্ত বিবরণীতে জানা যায়, ২০১৩ সালের ১৫ জুন ঝিনাইদহের শৈলকুপা থানার কবিরপুর গ্রামের শ্যামল কুমার রায় ও একই গ্রামের কবির হোসেন চাঁপাইনবাবগঞ্জ থেকে ট্রাকে পাথর বোঝাই করে গোপালগঞ্জের কোটালিপাড়ায় যাচ্ছিলেন। পথে দুজনের টাকা নিয়ে কথা-কাটাকাটি হয়। সন্ধ্যা সাতটার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বারমাইল এলাকায় কবির রড দিয়ে শ্যামলের মাথায় আঘাত করে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই শ্যামল মারা যান। পরের দিন সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। শৈলকুপা থানা শ্রমিক ইউনিয়নের নেতারা শ্যামল রায়কে শনাক্ত করে মরদেহ নিয়ে যান।

ঘটনার পরের দিন রাতে শৈলকুপা শ্রমিক ইউনিয়নের সভাপতি আবেদ আলী মোল্লা বাদী হয়ে কবির হোসেনকে আসামি করে কুষ্টিয়ার ভেড়ামারা থানায় একটি হত্যা মামলা করেন।

কুষ্টিয়া আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী জানান, সাক্ষ্য–প্রমাণের ভিত্তিতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক কবিরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। পরে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।