চালককে হত্যার পর রডবোঝাই ট্রাক নিয়ে পালানোর চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাই উপজেলার কেলিয়া এলাকায় চালককে হত্যার পর রডবোঝাই ট্রাক নিয়ে পালানোর সময় পুলিশ ট্রাকটি আটক করেছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ট্রাকচালকের নাম ফরিদ মিয়া (৩৭)। তিনি চট্টগ্রামের ডাবলমুরিং থানার বাসিন্দা। এ ঘটনায় আহত চালকের সহকারীর নাম আফছার হোসেন (২৫)। তাঁর বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর গ্রামে। আফছারকে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধামরাই থানা সূত্র জানায়, গত বৃহস্পতিবার রডবোঝাই ট্রাকটি (ঢাকা-মেট্রো-ট-১৬-৬২১) চট্রগ্রাম থেকে মানিকগঞ্জ যাচ্ছিল। পথে রাত তিনটার দিকে ট্রাকটি ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের কেলিয়া এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত ট্রাকটির গতিরোধ করে। তাদের চারজন ট্রাকে উঠে চালক ফরিদকে ছুরিকাঘাত করে ট্রাকের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। একপর্যায়ে তাঁকে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় চালকের সহকারী আফছারের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে চালকের লাশসহ সহকারীকে ট্রাক থেকে ফেলে দিয়ে ট্রাক নিয়ে মানিকগঞ্জের দিকে চলে যায়। ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) সেকেন্দার হোসেন জানান, ওই মহাসড়ক দিয়ে যাওয়ার সময় অপর একটি ট্রাকের চালক বিষয়টি আঁচ করতে পেরে ধামরাই থানায় জানান।