সড়ক দুর্ঘটনার জন্য দায়ী গাড়িচালকদের সাজা বাড়ানোর সুপারিশ করেছে যোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। সেই সঙ্গে অভিযুক্ত চালকের বিরুদ্ধে দায়ের করা মামলা অজামিনযোগ্য করার কথাও বলা হয়েছে। গতকাল সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির সভায় এই সুপারিশ করা হয়।সভা শেষে কমিটির সভাপতি শেখ মুজিবুর রহমান ও সদস্য অপু উকিল সংবাদ ব্রিফিংয়ে জানান, অদক্ষ চালকের কারণেই সড়ক দুর্ঘটনা বাড়ছে। এ জন্য কমিটি আইন সংশোধন করে সড়ক দুর্ঘটনার জন্য দায়ী চালকদের শাস্তি বাড়ানোর সুপারিশ করেছে এবং এ ধরনের মামলায় চালকদের যাতে জামিন না হয়, সে ব্যবস্থাও করতে বলা হয়েছে।সভায় আরও জানানো হয়, বাংলাদেশ থেকে গাড়ি চালানোর ভুয়া লাইসেন্স নিয়ে যাঁরা বিদেশে যাচ্ছেন, তাঁদের কারণে প্রবাসে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বলা হয়েছে।সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পাঠ্যবইয়ে ট্রাফিক আইনবিষয়ক অধ্যায় সংযোজনেরও সুপারিশ করা হয়েছে। আর মন্ত্রণালয়কে অচিরেই অননুমোদিত গতিরোধকগুলো (স্পিড ব্রেকার) তুলে নিতে বলা হয়েছে। সেই সঙ্গে ড্রাইভিং ট্রেনিং ইনস্টিটিউট চালু করার জন্য বিআরটিএকে বলা হয়েছে।সভায় কমিটির সদস্য জিল্লুল হাকিম, নজরুল ইসলাম, এইচ এম গোলাম রেজা, ইকরামুল করিম চৌধুরী ও আবু জাহিরও উপস্থিত ছিলেন।