চালকদের খুন করে দুটি অটোরিকশা ছিনতাই
সিরাজগঞ্জের বেলকুচি ও কক্সবাজারের টেকনাফে দুই অটোরিকশাচালককে খুন করে অটোরিকশা দুটি ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বেলকুচিতে রবিউল ইসলাম (১৭) নামের এক অটোরিকশাচালকের লাশ পুলিশ গতকাল শনিবার সকালে উদ্ধার করেছে। রবিউল এনায়েতপুরের গোপরেখী গ্রামের করিম সরদারের ছেলে। হত্যাকাণ্ডের প্রতিবাদে সিরাজগঞ্জ শহর থেকে সব রুটে অটোরিকশা চলাচল গতকাল বেলা ১১টা থেকে বন্ধ রয়েছে। বেলকুচি থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, শুক্রবার রাত আটটার দিকে যাত্রীবেশী ছিনতাইকারীরা কড্ডার মোড় থেকে রবিউলের অটোরিকশাটি ভাড়া করে এনায়েতপুরের উদ্দেশে রওনা হয়। বেলকুচি উপজেলার মাঝাইলে ছিনতাইকারীরা রবিউলকে শ্বাসরোধে হত্যা করে লাশ পাশের একটি পাটখেতে ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। কক্সবাজারের টেকনাফ সৈকত এলাকা থেকে জেবর মল্লুক (২৬) নামের এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ছিনতাইকারীরা তাঁকে হত্যার পর অটোরিকশাটি নিয়ে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। জেবর উখিয়া উপজেলার হরিণমাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে।নিহতের পারিবারিক সূত্র জানায়, শুক্রবার বিকেলে উখিয়া স্টেশন থেকে কয়েকজন যাত্রী জেবরের নম্বরবিহীন অটোরিকশাটি ভাড়া করে টেকনাফে নিয়ে আসে। রাত ১০টার দিকে টেকনাফ সি-বিচ সড়কের আল-মনছুর হ্যাচারিসংলগ্ন সড়ক থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।