চালকদের মাদক সেবনের কারণে ৩০ ভাগ দুর্ঘটনা ঘটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়িচালকদের মাদক সেবনের কারণে ৩০ ভাগ সড়ক দুর্ঘটনা ঘটে। ৯৮ শতাংশ চালক কোনো না-কোনোভাবে মাদক গ্রহণ করেন। ২২১ জন ট্রাকচালকের মধ্যে ৪৩ জন চালক অ্যালকোহল-জাতীয় মাদকে আসক্ত। গতকাল বুধবার ‘মাদকাসক্তি ও সড়ক দুর্ঘটনা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এ তথ্য উঠে আসে। রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিস (বিস) মিলনায়তনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও প্রমিসেস মেডিকেল লিমিটেড ওই গোলটেবিলের আয়োজন করে।

অনুষ্ঠানে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, ‘পরিবহনশ্রমিকদের মধ্যে মাদক সেবনের হার থাকলেও তা কমে এসেছে। তবে এ সমস্যা আমরা নির্মূল করতে চাই।’ এ বিষয়ে আইন আরও কঠোরভাবে প্রয়োগের ওপর গুরুত্ব দেন তিনি।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা বলেন, মাদকাসক্ত ব্যক্তিদের দিয়ে সোনার বাংলা গড়া সম্ভব নয়। যেসব পরিবার সন্তানদের সময় কম দেয়, সেখানে মাদকাসক্ত হওয়ার আশঙ্কা বেশি থাকে। তাই পরিবারে সন্তানদের সময় দিতে হবে।

লেখক সৈয়দ আবুল মকসুদ বলেন, মাদকমুক্ত দেশ গড়তে হলে গণমাধ্যমকে সঙ্গে নিয়ে এগোতে হবে। কোনো মাদকাসক্ত চালককে চাকরি দেওয়া যাবে না।

চিকিৎসক অরূপ রতন চৌধুরী বলেন, মাদকাসক্ত ব্যক্তিদের ৫৮ ভাগই ধূমপায়ী। চালকের মাদক সেবনের কারণে ৩০ ভাগ সড়ক দুর্ঘটনা ঘটে। ৯৮ শতাংশ চালক কোনো না-কোনোভাবে মাদক গ্রহণ করেন। তিনি আরও বলেন, ধূমপান নিয়ন্ত্রণ করতে পারলে মাদক নিয়ন্ত্রণ সম্ভব।

অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার রাকিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন সাংসদ ফখরুল ইমাম, নূরজাহান বেগম, বিআরটিএর চেয়ারম্যান মো. নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন জিল্লুর রহমান।