চালকদেরবেপরোয়াগাড়িচালানো, দক্ষতারঅভাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক গবেষণায় সড়ক দুর্ঘটনার কারণ হিসেবে মূলত চালকদের বেপরোয়া গাড়ি চালানো, দক্ষতার অভাব, ত্রুটিপূর্ণ যানবাহন, রাস্তার নকশায় ত্রুটি, ট্রাফিক আইনের দুর্বল প্রয়োগ, সড়ক নিরাপত্তা বিষয়ে সংশ্লিষ্টদের সচেতনতার অভাবকেই দায়ী করা হয়েছে।

সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়। ব্র্যাক আয়োজিত এ সভায় পিপিআরসি ও ব্র্যাকের যৌথ গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়।

গবেষণার ফলাফলে জানানো হয়, সড়ক দুর্ঘটনায় বাংলাদেশে প্রতিবছর গড়ে চার হাজার মানুষ নিহত এবং প্রায় পাঁচ হাজার আহত হন। হতাহত ব্যক্তিদের অধিকাংশই গ্রামের কর্মক্ষম মানুষ।

সড়ক দুর্ঘটনা নিয়ে গবেষণার ফলাফল তুলে ধরেন ব্র্যাকের নিরাপত্তা কর্মসূচির ব্যবস্থাপক মশিউর রহমান। সভায় উপস্থিত ছিলেন সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান মোল্যাসহ যানবাহন মালিক ও শ্রমিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

ফলাফল থেকে জানা যায়, দেশে ২১ হাজার ৬৩৫ কিলোমিটার জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় সড়ক রয়েছে। এসব সড়কে ২০১১ ও ২০১২ সালে দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলে নিহত হন তিন হাজার ১৩২ জন এবং হাসপাতালে নেওয়ার পথে ও হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর মারা যান আরও দুই হাজার ৩০ জন। এভাবে বছরে গড়ে চার হাজার মানুষ নিহত এবং প্রায় পাঁচ হাজার আহত হচ্ছেন। বেশির ভাগ দুর্ঘটনাই ঘটে দেশের নয়টি জাতীয় মহাসড়কের ৫৭ কিলোমিটার অংশে।

গবেষণার ফলাফল উপস্থাপন শেষে মশিউর রহমান বলেন, সড়কে যানবাহন চলাচল ও পরিবহন বিষয়ে দেশে কোনো সমন্বিত আইন নেই। রোড ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রাফিক অ্যাক্ট, ২০১১ নামে একটি আইনের খসড়া প্রস্তুত করা হলেও তা অনুমোদিত হয়নি।

ইউএনও বলেন, ‘দুর্ঘটনায় বেশির ভাগ ক্ষেত্রে মারা যান কর্মক্ষম মানুষ। এটা আমাদের অর্থনীতির ওপর প্রভাব ফেলে। জিডিপি ক্ষতিগ্রস্ত হয়।’