চালকল, ইটভাটা সরানোর দাবিতে সড়ক অবরোধ
আবাসিক এলাকা থেকে ইটভাটা ও চালকল সরিয়ে নেওয়ার দাবিতে গতকাল সোমবার দিনাজপুর শহরের কাটাপাড়া এলাকাবাসী সড়ক অবরোধ করেন৷ সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে ১০টা পর্যন্ত কয়েক শ মানুষ রাজবাড়ী-কাটাপাড়া সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন৷
বিক্ষোভকারীরা জানান, চেহেলগাজী ইউনিয়নের রাজবাড়ি মৌজার কাটাপাড়া একটি আবাসিক এলাকা। এখানে চারটি অটো রাইসমিল ও চারটি ইটভাটা রয়েছে৷ এসব চালকল ও ইটভাটার ভারী যানবাহন চলাচল করায় এলাকার রাস্তাগুলো নষ্ট হয়ে গেছে৷
তারা বলেন, একটি আবাসিক এলাকায় কোনোভাবেই এত চালকল ও ইটভাটা থাকতে পারে না। এগুলোর দেখাদেখি আরও কলকারখানা গড়ে তোলার উদ্যোগ চলছে। এখনই বন্ধ করা না হলে আবাসিক এলাকাটি বসবাসের অযোগ্য হয়ে পড়বে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সমস্যাটি যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে ধরে সমাধানের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেন।