চালকল নেই, মালিক সেজে চাল দিচ্ছেন সরকারি গুদামে
চালকল নেই, বিদ্যুৎসংযোগ নেই, চাতাল নির্মাণাধীন। বগুড়ার সারিয়াকান্দি উপজেলার এমন বেশ কিছু প্রতিষ্ঠানের মালিকদের সরকারি খাদ্যগুদামে চাল সরবরাহের লাইসেন্স (অনুমতিপত্র) দেওয়া হয়েছে। খাদ্য বিভাগ এসব মালিকের কাছ থেকে চাল কেনার জন্য চুক্তিবদ্ধ হয়েছে। অভিযোগ উঠেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শর্ত ভঙ্গ করে চলতি বছর বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে লাইসেন্স দিয়েছে।
এ ছাড়া পুরোনো লাইসেন্সধারী অনেকের চালকলের চাতালে চাল নেই। সেখানে মরিচ শুকানো হচ্ছে। এসব চালকলের মালিক চলতি মৌসুমে সরকারি খাদ্যগুদামে চাল দিয়েছেন। জানা গেছে, ২০১২ সাল পর্যন্ত সারিয়াকান্দিতে লাইসেন্সধারী চাল ব্যবসায়ীর সংখ্যা ছিল ৫২। চলতি বছর নতুন করে আরও ১৫টি লাইসেন্স দেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে, নতুন লাইসেন্সগুলোর প্রায় সবগুলোই আর্থিক সুবিধা নিয়ে দেওয়া হয়েছে। এসব লাইসেন্সধারীর কাছ থেকেও চলতি মৌসুমে চাল সংগ্রহ করছে খাদ্যগুদাম কর্তৃপক্ষ।
খাদ্য বিভাগ সূত্র জানায়, চালকলমালিক হিসেবে লাইসেন্স নিতে হলে ব্যবসায়ীর ধান শুকানোর চাতাল, চালকল, বিদ্যুৎসংযোগ, গুদাম, ব্যবসার অনুমতিপত্র, পরিবেশের ছাড়পত্র ও আয়করের কাগজপত্র থাকতে হবে। কিন্তু সারিয়াকান্দিতে নতুন করে যে ১৫টি লাইসেন্স দেওয়া হয়েছে তার বেশির ভাগ ক্ষেত্রে এসব শর্ত পূরণ করা হয়নি বলে অভিযোগ আছে।
ফুলবাড়ী এলাকার নতুন লাইসেন্স পাওয়া প্রতিষ্ঠান ইফতি চালকল। গত মঙ্গলবার (১৮ জুন) সরেজমিনে দেখা গেছে, সেখানে চালকল নেই, তবে বিদ্যুৎসংযোগ নেওয়া হয়েছে। এই চালকলের কাছ থেকে দুই নামে প্রায় ৭০ টন চাল কেনার জন্য চুক্তিবদ্ধ হয়েছে খাদ্য বিভাগ। চালকলটি ইতিমধ্যে কিছু চাল সরবরাহ করেছে। প্রতিষ্ঠানের মালিক আকতারুজ্জামান জানান, তাঁর চালকল বসানো হচ্ছে। তবে বাইরে থেকে সামান্য কিছু চাল কিনে তিনি সরকারি গুদামে দিয়েছেন।
চলতি বছর লাইসেন্স পাওয়া ফুলবাড়ীর রহিমা চালকল, মাবা চালকল, সৌরভ চালকল, সাজেদা চালকল, শামীমা চালকল, শাহাদৎ চালকলে গিয়ে দেখা গেছে, চাতাল নির্মাণ হয়েছে ঠিকই কিন্তু চালকল, বিদ্যুৎসংযোগ ও খাদ্যগুদাম নেই। রহিমা চালকল নির্মাণাধীন। এসব চালকলে ধান না থাকলেও মালিকেরা সরকারি গুদামে চাল দিয়েছেন।
স্বর্ণা চালকলে গিয়ে দেখা গেছে, চাতালজুড়ে মরিচ শুকানো হচ্ছে। বিদ্যুৎসংযোগ ও চালকল নেই। এবার এই প্রতিষ্ঠান থেকে ৩৬ মেট্রিক টন চাল কিনবে সরকার। চালকলের মালিক রেজাউল করিম দাবি করেন, তিনি সরকারি গুদামে চাল দিয়েছেন। চালকল না থাকার কথা স্বীকার করে তিনি বলেন, বিদ্যুৎসংযোগ নেওয়া হচ্ছে।
সারিয়াকান্দি উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক বলেন, সারা বছর ধান-চালের ব্যবসা ভালো নয়। সরকারি বরাদ্দ পাওয়ার পরে চালকলমালিকেরা চাতালগুলো ব্যবহার করেন। ধান যখন থাকে না তখন চাতালে কেউ কেউ মরিচ শুকাতে পারেন।
সারিয়াকান্দি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহামঞ্চদ আলী বলেন, উপজেলায় দুই হাজার ৬০০ মেট্রিক টন চাল কেনা হবে। গত ১৮ জুন পর্যন্ত ৯৬০ মেট্রিক টন চাল কেনা হয়েছে।
সারিয়াকান্দি উপজেলা খাদ্য কর্মকর্তা আবদুস সাত্তার অভিযোগ অস্বীকার করে বলেন, কাগজপত্র দেখেই চালকলমালিকদের নতুন লাইসেন্স দেওয়া হয়েছে।