সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোদ-বৃষ্টি মাথায় নিয়ে শেরপুরের চালকলগুলোয় পুরুষের সমান কাজ করেন নারী শ্রমিকেরা। দিন শেষে পুরুষ শ্রমিক মজুরি পান ২০০ টাকা, নারী শ্রমিক পান ১৫০ টাকা। এ বৈষম্যের শিকার জেলাটির সাত শতাধিক চালকলের প্রায় ১০ হাজার নারী শ্রমিক।
নালিতাবাড়ী উপজেলার চালকলগুলোয় পুরুষের সঙ্গে নারী শ্রমিকদের মজুরিবৈষম্য আরও বেশি। সেখানে পুরুষ শ্রমিকেরা পান দিনে আড়াই শ টাকা, নারীরা পান দেড় শ টাকা।
জেলা চালকল মালিক সমিতি ও চালকল শ্রমিক সমিতি সূত্র জানায়, শেরপুরে চালকলগুলোয় প্রায় ২০ হাজার শ্রমিক কাজ করেন। তাঁদের মধ্যে নারী শ্রমিক প্রায় ১০ হাজার। চালকলগুলোতে নারীদের স্বাস্থ্য সুরক্ষায় কোনো ব্যবস্থা নেই। কেউ অসুস্থতার কারণে কাজ না করলে বেতন পান না। এ ছাড়া গর্ভকালীন অবস্থায়ও নারী শ্রমিকের বিশেষ ভাতার ব্যবস্থা নেই।
সদর উপজেলার কান্দাপাড়া, শীতলপুর, ঢাকলহাটি, দীঘারপাড় ও নওহাটা এলাকার কয়েকটি চালকলের নারী শ্রমিকেরা বলেন, চাতালে (চালকল) খাটুনি বেশি হলেও বেতন কম। অন্য সব জায়গায় নারীরা বেশি বেতন পায়। তাঁরা মজুরি বাড়ানোর জন্য চালকল মালিক ও সরকারের প্রতি দাবি জানান।
দীঘারপাড় এলাকার ইউনাইটেড রাইস মিলের শ্রমিক চায়না বেওয়া (৫০) বলেন, ‘বিয়ার ১৫ বছরের মাথায় স্বামী মারা যায়। তহন ঘরে সাতটা পোলাপান হইছে। সবাই ছোট ছোট। অগরে খাওন-পরন দেওনের মতন কেউ আছিল না। তাই বাধ্য অইয়া একটা আইছ (রাইস) মিলে কাজ নেই। হেই থাইক্যা ২০ বছর ধইরা মিলে কাম করতাছি। বেতন যা পাই তা দিয়া দিনই চলে না। সারাডা জীবন খালি কষ্টই করলাম।’
চালকলটির শ্রমিকদের তত্ত্বাবধায়ক হারুন-অর-রশীদ বলেন, চালকলে শ্রম দেওয়া স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। চালকলের অধিকাংশ শ্রমিক বিশেষ করে নারী শ্রমিকেরা শ্বাসকষ্ট, হাঁপানিসহ বিভিন্ন ধরনের অসুখে ভোগেন। কিন্তু তাঁদের চিকিৎসার ব্যবস্থা নেই।
নালিতাবাড়ীর শিমুলতলা গ্রামের নারী শ্রমিক মোছা. মরিয়ম বেগম (৬০) বলেন, ‘২৫ বছর ধইরা খলায় (চাতালে) কাম করি। সহাল থাইকা সন্ধ্যা পর্যন্ত কাম কইরা পাই ১২০ টেহা। একই কামের লাইগা পুরুষেরা পায় ২৫০ টেহা।’
পৌর শহরের সাবিনা রাইস মিলের শ্রমিক আবদুল লতিফ বলেন, ‘পুরুষ শ্রমিকের তুলনায় নারী শ্রমিকেরা পরিশ্রম কম করেন না। কিন্তু সকল চাতালে নারীগরের লাইগা কম মজুরি।’
পৌর শহরের জয়লক্ষ্মী চালকলের মালিক অসীম দত্ত বলেন, বছর শেষে নারী শ্রমিকদের বোনাস হিসেবে দুই হাজার টাকা করে দেওয়া হয়। এ ছাড়া বিশেষ সমস্যায় পড়লে আলাদা করে তাঁদের অর্থ সহায়তা দেওয়া হয়।
জেলা চালকল শ্রমিক সমিতির সভাপতি খন্দকার আবদুল হামিদ বলেন, বর্তমানে চালকলগুলোতে পুরুষ শ্রমিকদের দিনে ২০০ এবং নারীদের ১৫০ টাকা করে দেওয়া হয়। মজুরিবৈষম্যের শিকার এ নারীরা মানবেতর জীবন যাপন করছেন।
জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মো. লুৎফর কবীর প্রথম আলোকে বলেন, তিনি শেরপুরে নতুন এসেছেন। চালকলের নারী শ্রমিকদের বিষয়ে বেশি জানেন না। তবে এ ব্যাপারে জেলা প্রশাসক ও চালকল মালিক সমিতির সঙ্গে কথা বলে ব্যবস্থা নেবেন।
এ বিষয়ে জেলা প্রশাসক মল্লিক আনোয়ার হোসেনও গতকাল মঙ্গলবার প্রথম আলোকে একই ধরনের কথা বলেন।