চালকলের চাকায় লুঙ্গি পেঁচিয়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর গ্রামে গতকাল বুধবার সকালে চালকলের চাকায় পরনের লুঙ্গি পেঁচিয়ে আবদুল মন্নাছ (৭০) নামের এক বৃদ্ধ মারা গেছেন। তাঁর বাড়ি মোয়াজ্জেমপুর গ্রামে। তিনি ধান ভাঙাতে গ্রামের আফাজ উদ্দিন আকন্দের চালকলে গিয়েছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ধানের বস্তা রেখে আবদুল মন্নাছ চালকলের পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। এ সময় এর চাকার ফিতায় মন্নাছের পরনের লুঙ্গি পেঁচিয়ে যায়। এতে টান লেগে বৃদ্ধ মেঝেতে আছড়ে পড়ে গুরুতর আহত হন। চালকলের চালক তাৎক্ষণিকভাবে এটি বন্ধ করে দেন। স্থানীয় ব্যক্তিরা দ্রুত বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আয়ূবুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত বৃদ্ধের পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো অভিযোগ দেওয়া হয়নি। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।