চালকলের তুষ ঢুকছে হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাশের চালকল থেকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে তুষ ঢুকছে। এতে রোগী, চিকিৎসকসহ কর্মকর্তা-কর্মচারীদের ভীষণ সমস্যা হচ্ছে। পাশাপাশি এখানে চিকিৎসক-সংকটে স্বাস্থ্যসেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে।সরেজমিনে দেখা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সের দক্ষিণ পাশে একটি ধানের কল ও চাতাল করা হয়েছে। কিছুদিন ধরে এই কল থেকে তুষ উড়ে স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে ঢুকছে।স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা এক রোগীর ছেলে মো. শাহাদৎ হোসেন জানান, তিনি তাঁর বাবাকে হাসপাতালে ভর্তি করেছেন। তাঁর বাবা শ্বাসকষ্টের রোগী। তার পরও ধানের তুষের কারণে কাশি হচ্ছে। জানালা বন্ধ করে রাখলেও ভেতরে তুষ ঢুকছে।ধানকলের স্বত্বাধিকারী চার ভাইয়ের মধ্যে উপস্থিত হযরত আলী ও জালাল উদ্দীন জানান, তাঁদের চালকল থেকে তুষ হাসপাতালের ভেতরে ঢুকে না। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এখানে চিকিৎসকের ১১টি পদ থাকলেও কর্মরত আছেন মাত্র পাঁচজন। আবাসিক চিকিৎসকের পদটি দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। অবেদনবিদ (অ্যানেসথেসিস্ট) ফিরোজ হোসেন ২০০৩ সাল থেকে অনুপস্থিত রয়েছেন। গাইনি বিভাগে চিকিৎসক নেই। ডেন্টাল সার্জন থাকলেও তাঁর বিভাগের কোনো যন্ত্রপাতি নেই। সহকারী সার্জন রায়হান আহমেদ ও একজন চিকিৎসা কর্মকর্তাকে প্রেষণে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ওসমান গণি জানান, ৫০ শয্যার হাসপাতালটি চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সিভিল সার্জনের কার্যালয়ে চিঠি পাঠানো হয়েছে। চিকিৎসক-সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।স্বাস্থ্য কর্মকর্তা ওসমান গণি আরও জানান, তুষ উড়ে আসায় হাসপাতালের দরজা-জানালা খোলা যায় না। বিষয়টি চালকল মালিককে জানানো হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা মজিবর রহমান ঢালী জানান, চালকল থেকে তুষ হাসপাতালে উড়ে যাওয়ার বিষয়টি তিনি জানেন না। এ বিষয়ে খোঁজ নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।