চালকলের দূষণে দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের সাহাপাড়ার একটি জনবসতিপূর্ণ এলাকায় বর্ষা অটো রাইস মিল নামে একটি চালকলের দূষণে মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। এ ঘটনায় এলাকাবাসী বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দিয়েছে, তবে কোনো কাজ হয়নি।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় ১২ বছর আগে ওই চালকল ছোট আকারে চালু হয়। তখন শুধু ধান মাড়াই হতো। পরবর্তী সময়ে ধান সেদ্ধ করে মাড়াইয়ের কাজ শুরু হয়। এতে চালকলের তীব্র শব্দ, ছাই ও তুষ ছড়িয়ে পড়া এবং ধান পচানো পানির গন্ধে বিপাকে পড়ে এলাকাবাসী।
২০১২ সালের ৮ জানুয়ারি চালকলের বিষয়ে আপত্তি জানিয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেন এলাকাবাসী। একইভাবে ২০১৪ সালের ৩১ মার্চ জেলা প্রশাসককেও স্মারকলিপি দেওয়া হয়। অনুলিপি দেওয়া হয় পরিবেশ অধিদপ্তর, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ইউপি চেয়ারম্যানকে। ওই বছরের ১৬ জুন চালকলের কারণে পরিবেশদূষণের বিষয়ে জানানো হয় পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে। এর পরিপ্রেক্ষিতে একই বছরের ২১ আগস্ট পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) চালকলের মালিককে ২ লাখ টাকা জরিমানা করেন। পাশাপাশি তাঁকে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়ে দূষণ নিয়ন্ত্রণ করে কারখানা পরিচালনার নির্দেশ দেওয়া হয়।
পরিবেশদূষণ না করাসহ ২১টি শর্তে একই বছরের ১৩ নভেম্বর চালকলের কার্যক্রম পরিচালনার জন্য অনুমতি দেয় পরিবেশ অধিদপ্তর। শর্তানুযায়ী, ধান, গম ও ডাল ভাঙানোর প্রক্রিয়ায় সৃষ্ট তুষ ও ধূলিকণা সংগ্রহপূর্বক নিজস্ব এলাকায় সংরক্ষণ ও পরিবেশসম্মতভাবে নিরাপদে অপসারণ করতে হবে।
২০১৫ সালের ২১ সেপ্টেম্বর ৩০ জন এলাকাবাসী ফরিদপুরের পরিবেশ অধিদপ্তরের উপপরিচালককে স্মারকলিপি দেন। এতে চালকলের প্রচণ্ড শব্দ, বয়লারের কালো ধোঁয়া ও পচা পানির দুর্গন্ধের কারণে সৃষ্ট সমস্যার সমাধানে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। এতে প্রতিকার না পেয়ে বিষ্ণুপদ সাহা নামের একজন হাইকোর্টে একটি রিট আবেদন করেন। ২০১৬ সালের ১৬ আগস্ট হাইকোর্টের একটি বেঞ্চ এক আদেশে পরিবেশ অধিদপ্তরকে কারণ দর্শানোর নোটিশ দেন। নোটিশের জবাব দিতে তখন দুই সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়।
বাদীপক্ষের আইনজীবী মো. মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, ‘হাইকোর্টে পরিবেশ অধিদপ্তর গত ছয় মাসেও কারণ দর্শানোর নোটিশের জবাব দেয়নি। তাই আমরা চূড়ান্ত আদেশ দেওয়ার জন্য হাইকোর্টে আবেদন করেছি।’
এদিকে হাইকোর্টে রিট করায় চালকলের মালিক বিপ্লব কুমার সাহা এলাকাবাসীকে হুমকি দিতে শুরু করেন বলে অভিযোগ রয়েছে। এর পরিপ্রেক্ষিতে রিট আবেদনকারী বিষ্ণুপদ সাহার ভাই বিপ্লব সাহা গত ২৪ নভেম্বর ফরিদপুর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
অভিযোগ প্রসঙ্গে বর্ষা অটো রাইস মিলের মালিক বিপ্লব কুমার সাহা বলেন, ‘পরিবেশ অধিদপ্তরের লোকজন বিষয়টি সরেজমিনে দেখেছেন। তাঁরা আমাকে উঁচু করে সীমানাপ্রাচীর দেওয়াসহ কয়েকটি নির্দেশনা দিয়েছেন। আমি সেভাবে কাজ করেছি। ধোঁয়া নিয়ন্ত্রণের জন্য মোটা ও উঁচু পাইপের ব্যবস্থা করেছি। এখন ধোঁয়ার সমস্যা নেই।’
ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. সাইফুল্লাহ তালুকদার বলেন, ওই চালকলের কারণে শব্দ ও ধোঁয়া নিয়ন্ত্রণে মিলমালিককে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্তীকালে ঘটনাস্থল পরিদর্শন করে এ ব্যাপারে করণীয় নির্ধারণ করা হবে।