চালকলের বর্জ্যপানিতে ১০ একরের ফসল নষ্ট
নাটোরের বড়াইগ্রাম উপজেলার একটি চালকল থেকে নির্গত বর্জ্যমিশ্রিত পানির কারণে আশপাশের প্রায় ১০ একর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেও প্রতিকার না পেয়ে ক্ষুব্ধ চাষিরা।
সম্প্রতি সরেজমিন দেখা যায়, গড়মাটি এলাকার ‘রশিদ অটো রাইস মিল’-এর উত্তর-পূর্ব পাশ দিয়ে বর্জ্যমিশ্রিত গরম পানি বের করে দেওয়া হচ্ছে। নিয়ম অনুযায়ী, কলের ভেতরে একটি বর্জ্যপানি সংরক্ষণাগার (হাউস) থাকবে। কিন্তু কলের সে হাউসটি ছোট হওয়ায় পানি উপচে আশপাশের নওগ্রাম ও গড়মাটি গ্রামের জমিতে ছড়িয়ে পড়ছে। বর্জ্যপানিতে ১৫-২০ জন কৃষকের অন্তত ১০ একর জমির গম, ঢ্যাঁড়স, খেসারি নষ্ট হয়ে গেছে।
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষক মেহেদী হাসান বলেন, দুই বছর আগে রশিদ অটো মিল চালু হয়েছে। তার পর থেকেই ফসলের ক্ষতি শুরু হয়েছে। এ বছর তাঁর ৮৫ শতক জমির খেসারি নষ্ট হয়ে গেছে।
আমজাদ হোসেন বলেন, ফসলের ক্ষতির কথা অনেকবার চালকলের মালিক আবদুর রশিদকে জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি। আবদুর রশিদ বাজারের চেয়ে কম মূল্যে কৃষকদের জমি তাঁর কাছে বিক্রি করে দেওয়ার প্রস্তাব দেন। আরেকজন কৃষক আমির হোসেন বলেন, ‘মিল কর্তৃপক্ষের কাছ থেকে প্রতিকার না পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং কৃষি কর্মকর্তার কাছে আমরা আবেদন করেছি। সেখান থেকেও কোনো ব্যবস্থা না নিলে আমাদের লাঠি হাতে নেওয়া ছাড়া কোনো পথ থাকবে না। কারণ, ওই জমির ফসলই আমাদের সম্বল।’
আবদুর রশিদ বলেন, মিলের গরম পানি নিজস্ব সংরক্ষণাগারে ঠান্ডা করা হয়। পরে সে পানি মাঠে সেচের কাজে ব্যবহার করলে ফসলের ক্ষতি হয় না।
উপজেলা কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২২ ফেব্রুয়ারি সরেজমিন পরিদর্শন করে ফসলের ক্ষতি হওয়ার সত্যতা পাওয়া গেছে। তাই ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশসহ ইউএনওর কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।
ইউএনও রুহুল আমিন জানান, পরিবেশ অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তাদের নিয়ে যৌথভাবে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।