চালকলের বর্জ্যে খালের পানিদূষণ
নোয়াখালীর বেগমগঞ্জ ও সেনবাগ উপজেলায় বেশ কয়েকটি অটো রাইসমিলের (চালকল) বিষাক্ত বর্জ্যে পাশের খালের পানি ও আশেপাশের পরিবেশ দূষিত হচ্ছে। এতে দেশীয় মিঠা পানির মাছের পাশাপাশি মরে যাচ্ছে কচুরিপানাসহ বিভিন্ন জলজ উদ্ভিদ।বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী থেকে সেনবাগ উপজেলার রাস্তার মাথা পর্যন্ত ফেনী-নোয়াখালী মহাসড়ক-সংলগ্ন সিঅ্যান্ডবির খাল ও আশপাশের এলাকা সরেজমিনে ঘুরে দেখা যায়, খালের দুই পাশে গড়ে ওঠা চালকলের বিষাক্ত বর্জ্য ভূ-গর্ভস্থ পাইপের মধ্য দিয়ে খালে গিয়ে মিশছে। খালের পানির রং ঘন কালো। বিষাক্ত বর্জ্য ও পচা উদ্ভিদের গন্ধ ছড়িয়ে পড়ছে আশপাশে। এদিকে, সেতুভাঙা বাজারসহ আশপাশের কয়েকটি চালকল থেকে নির্গত ছাইসহ বিভিন্ন বর্জ্যে ভরাট হওয়া খালের জায়গা দখল করে নেওয়া হচ্ছে। সংকুচিত হয়ে পড়ছে খাল। চৌমুহনী পূর্ববাজার, হাজীপুর, লক্ষ্মীনারায়ণপুর ও রসুলপুর এলাকার বেশ কয়েকজন বাসিন্দা বলেন, আগে খালটিতে প্রায় সারা বছরই পাওয়া যেত কই, শিং, মাগুর, টাকি, শোলসহ দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ। কিন্তু চার-পাঁচ বছর ধরে ওই খালে ভরা বর্ষা মৌসুমেও মাছ তেমন পাওয়া যায় না। লক্ষ্মীনারায়ণপুর গ্রামের বাসিন্দা জাকির হোসেন খালের আবর্জনা পরিষ্কার করে বিশেষ জাল (ভ্যাসাল) বসাচ্ছিলেন। তিনি বলেন, তাঁর এক প্রতিবেশী ৭৫ হাজার টাকা ব্যয় করে স্থানীয় ব্রিজের কাছে গত বছর একটি ভ্যাসাল এবং মাছ ধরার ফাঁদ বসান। কিন্তু পুরো বর্ষা মৌসুম পার করে ১০ হাজার টাকার মাছও পাননি। নোয়াখালীতে ৩৩টি চালকল রয়েছে। বেশির ভাগই গড়ে উঠেছে বেগমগঞ্জ ও সেনবাগ উপজেলায়। অধিকাংশ চালকলের নিজস্ব শোধনাগার নেই। বয়লারে ধান সিদ্ধ ও ভাপ দেওয়ার পর গরম পানিসহ অন্যান্য বর্জ্য বের হয়ে তার পুরোটাই ভূ-গর্ভস্থ পাইপ কিংবা নালার মাধ্যমে খালে গিয়ে পড়ে। চালকলের একজন শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, একটি চালকল থেকে প্রতিদিন গড়ে দুই হাজার ঘনফুট গরম পানি এবং ৮০ থেকে ১০০ বস্তা ছাই নির্গত হয়। বিষাক্ত গরম পানি সরাসরি খালে গিয়ে পড়ে। কোনো কোনো চালকলের ছাই রাস্তার পাশে কিংবা খালের পাড়ে স্তূপ করে রাখা হয়। পরে সেগুলো বিক্রি করা হয়। জমিদারহাট এলাকার জেলে নারায়ণ চন্দ্র দাস বলেন, খালে জাল ও ফাঁদ বসিয়ে মাছ ধরে আগে জীবিকা নির্বাহ করলেও কয়েক বছর ধরে মাছই পাওয়া যায় না। বেগমগঞ্জের রসুলপুর এলাকার কামাল অটো রাইসমিলের মালিক সৌরভ হোসেন পরিবেশদূষণের বিষয়টি স্বীকার করে বলেন, ‘এ কাজ তো সবাই করছে। একটি চালকল থেকে প্রতিদিন যে পরিমাণ গরম পানি ও ছাই নির্গত হয়, তা রাখার জন্য কোনো মিল মালিকেরই নিজস্ব জায়গা নেই। বর্জ্য শোধনাগার তৈরিতে সরকার আর্থিক সহায়তা দিলে আমরা অবশ্যই পরিবেশ রক্ষায় রাজি হব।’ পরিবেশ অধিদপ্তরের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক আকতারুজ্জামান প্রথম আলোকে বলেন, চালকলের বর্জ্যে খালের পানি দূষিত হওয়ার বিষয়টি তাঁর জানা নেই। এ ব্যাপারে নিয়মিত তদারকির জন্য প্রয়োজনীয় জনবল তাঁর কার্যালয়ে নেই। তিনি বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত আছেন। তবে বিষয়টি শিগগিরই সরেজমিনে পরিদর্শন করে দেখবেন।