চালকলের বর্জ্যে দূষিত পরিবেশ, ধুঁকছে মানুষ
চারদিকে বসতবাড়ি। ২০০ গজের মধ্যে দুটি শিক্ষাপ্রতিষ্ঠান। পাশেই যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র এবং কয়েক শ ব্যবসাপ্রতিষ্ঠান। এর মাঝেই গড়ে তোলা হয়েছে বড় আকারের একটি চালকল। চালকলটি বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে। চালকলের বর্জ্য ও ধোঁয়ায় পরিবেশ দূষিত হচ্ছে। একই সঙ্গে চালকল থেকে বের হওয়া ময়লা মেশানো পানি ও ধুলার কারণে এলাকাবাসী শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। আবাসিক এলাকা হওয়া সত্ত্বেও পরিবেশ অধিদপ্তর বিশেষ সুবিধা নিয়ে এখানে কারখানা করার ছাড়পত্র দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী এই কারখানার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে অভিযোগ দিয়েছেন। কিন্তু তাতে কোনো কাজ না হওয়ায় তাঁরা আন্দোলেনর প্রস্তুতি নিচ্ছেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের পুরান বগুড়া ও পালসা গ্রামের মধ্যে আবাসিক এলাকায় গড়ে তোলা হয়েছে কিবরিয়া অটো রাইস মিল নামে একটি চালকল। চার মাস আগে চালকলটি চালু করা হয়। এলাকাবাসী অভিযোগ করেন, পুরান বগুড়া ও পালসা গ্রামের মধ্যে ৩০টি পাড়ায় প্রায় ২৫ হাজার মানুষ বাস করে। কিবরিয়া অটো রাইস মিল নামে ওই চালকলের কারণে পালসায় অবস্থিত পল্লীমঙ্গল উচ্চবিদ্যালয় ও আদর্শ কলেজের প্রায় দুই হাজার শিক্ষার্থীর পাঠদান ব্যাহত হচ্ছে। কারণ, এই দুটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কারখানার দূরত্ব মাত্র ২০০ গজ। শিক্ষার্থীরা অভিযোগ করে, দিনের বেলা চালকলের যন্ত্রের শব্দে তারা পাঠদান চলার সময় শিক্ষকের কথা শুনতে পায় না। পাশাপাশি কলের চিমনি দিয়ে বের হওয়া কালো ধোঁয়া ও ছাই বাতাসের সঙ্গে মিশে তাদের কক্ষে এসে পড়ছে।স্থানীয় লোকজন জানান, এই কারখানা থেকে বর্জ্য ও ময়লা পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা করা হয়নি। একটি ছোট নালার মাধ্যমে মাঠের মধ্য দিয়ে ময়লাযুক্ত পানি ছেড়ে দেওয়া হয়েছে। এই পানির দুর্গন্ধে এলাকায় থাকা যায় না। পানির কারণে এলাকায় মশা-মাছির উৎপাতও বেড়েছে। চালকলের পাশে হাজিগাড়ি গ্রামের গৃহবধূ আফরোজা বেগম বলেন, মিলটিতে প্রতিদিন হাজার হাজার মণ ধান সেদ্ধ করা হচ্ছে। কিন্তু এর পানি ফেলার জন্য পরিকল্পিত কোনো ব্যবস্থা করা হয়নি।মধ্য পালসা গ্রামের বাসিন্দা গোলাম মোরশেদ অভিযোগ করেন, পরিবেশ অধিদপ্তরের লোকজন টাকা খেয়ে এই এলাকায় কারখানা করার অনুমতি দিয়েছে। ধুলা, শব্দ, ময়লা, দুর্গন্ধের কারণে এলাকায় থাকা যাচ্ছে না। আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ কে এম মতিউর রহমান ও ফাঁপোর ইউনিয়ন পল্লীমঙ্গল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন জানান, তাঁদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে পরিবেশ অধিদপ্তরসহ সরকারের উচ্চ মহলের কাছে তাঁরা এ ব্যাপারে পৃথক চিঠি দিয়েছেন। অবিলম্বে এ ব্যাপারে ব্যবস্থা না নেওয়া হলে তাঁরা শিক্ষার্থীদের নিয়ে আন্দোলনে যেতে বাধ্য হবেন। ফাঁপোর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাকেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা দুলারী বেগম জানান, এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় উপপরিচালকের কাছে লিখিতভাবে অভিযোগ করা হয়েছে। এই কেন্দ্রে প্রতিদিন অর্ধশতাধিক রোগী চিকিৎসা নিতে আসে। তাদের মধ্যে অর্ধেকই শ্বাসকষ্টের রোগী। তাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি। কিবরিয়া অটো রাইস মিলের মালিক গোলাম কিবরিয়া বলেন, ‘৩০ কোটি টাকা ব্যয়ে এই কারখানা করা হয়েছে। এভাবে পরিবেশদূষণ হবে তা আগে বুঝতে পারিনি। কিছু লোক হিংসা করে আমার বিরুদ্ধে কাজ করছে। এলাকার লোকজনকে খেপিয়ে তুলছে। বিষয়টি কীভাবে সমাধান করা যায়, সে ব্যাপারে সবার সহযোগিতা প্রয়োজন। পরিবেশ অধিদপ্তরের সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে।’পরিবেশ অধিদপ্তর রাজশাহীর বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, এলাকাবাসীর লিখিত অভিযোগটি তদন্তের জন্য অধিদপ্তরের পরিদর্শক আবদুল খালেককে দায়িত্ব দেওয়া হয়েছে। এই কার্যালয়ের উপপরিচালক ছায়েফুল্লাহ তালুকদার বলেন, দাপ্তরিক কাজে তিনি ঢাকায় আছেন। বিষয়টি অফিসে গিয়ে না দেখে বলতে পারবেন না। কারণ, প্রতিদিন এমন অনেক অভিযোগ আসে। তিনি দুই দিন পর যোগাযোগ করার কথা বলেন।