চালকলের বয়লার বিস্ফোরণে ২ শ্রমিক নিহত, আহত ৫
নেত্রকোনা শহরের নাগড়া আবাসিক এলাকায় একটি চালকলের বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক নিহত ও অপর পাঁচজন আহত হয়েছেন। গতকাল রোববার বিকেল পৌনে চারটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন নেত্রকোনা সদরের প্রতাপপুর গ্রামের আমিরুল ইসলাম (৪৫) ও খালিয়াজুড়ি উপজেলার ইছাপুর গ্রামের নরোত্তম চৌধুরী(৪৮)। আহত পাঁচজন হলেন নেত্রকোনা সদরের রুই ফরিদপুর গ্রামের জামাল উদ্দিন ও বাচ্চু মিয়া, নাগড়া এলাকার গোপাল দেবনাথ, কমল সরকার ও দয়াল সরকার।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ‘পদ্মা অটো রাইস মিল’ নামের চালকলটিতে প্রতিদিনের মতো গতকাল সকাল থেকে কাজ শুরু করেন শ্রমিকেরা। বিকেল পৌনে চারটার দিকে আকস্মিকভাবে চাল সেদ্ধ করার বয়লারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে চালকলে আগুন লেগে যায়। প্রথমে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বয়লার বিস্ফোরণে এর আশপাশে কর্মরত সাতজন শ্রমিক আগুনে গুরুতর দগ্ধ হন। তাঁদের উদ্ধার করে প্রথমে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে আমিরুল, নরোত্তম ও জামাল উদ্দিনকে পরে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা আমিরুল ও নরোত্তমকে মৃত ঘোষণা করেন। আহত পাঁচজনের মধ্যে গোপাল দেবনাথ এখনো নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
দুর্ঘটনার পর থেকে মিলের স্বত্বাধিকারী বিপ্লব চন্দ্র দাস ও বিপুল চন্দ্র দাসের মুঠোফোন বন্ধ রয়েছে।