চালকসংকটে বন্ধ ‘কলেজ ট্রেন’
বগুড়ায় ‘কলেজ ট্রেন’ হিসেবে পরিচিত ট্রেন সার্ভিস বন্ধ হয়ে গেছে। চালকসংকটের কারণে ৬ সেপ্টেম্বর থেকে গাইবান্ধার বোনারপাড়া থেকে বগুড়ার সান্তাহার পর্যন্ত চলাচলকারী ট্রেনটির চলাচল বন্ধ রাখা হয়েছে।রেলওয়ে সূত্র জানায়, বগুড়া সরকারি আযিযুল হক কলেজে শিক্ষার্থীদের নিয়মিত আসা-যাওয়ার সুবিধার্থে প্রায় চার দশক আগে ওই ট্রেন সার্ভিস চালু হয়। গাইবান্ধা ও বগুড়ার পূর্বাঞ্চলের শিক্ষার্থীদের জন্য চালু করা ওই ট্রেন কলেজ ট্রেন হিসেবে পরিচিত হয়ে ওঠে। বোনারপাড়া থেকে ছেড়ে আসা ট্রেনটি বগুড়া স্টেশনে সকাল নয়টার মধ্যে পৌঁছাত। আবার সন্ধ্যার আগে বগুড়া স্টেশন ছেড়ে যেত বলে শিক্ষার্থীদের পাশাপাশি এ অঞ্চলের নিম্ন আয়ের মানুষের যাতায়াতের প্রধান বাহন হয়ে উঠেছিল এই ট্রেন।রেল বিভাগের তথ্যানুযায়ী, পশ্চিমাঞ্চল রেলওয়ের লালমনিরহাট বিভাগে চালকের শতকরা ৫৬ ভাগ পদই শূন্য পড়ে আছে। ২৫৪টি পদের বিপরীতে বর্তমানে চালক আছেন মাত্র ১১০ জন। চালকসংকটের কারণে শুধু বগুড়ার কলেজ ট্রেনই নয়, ওই বিভাগের আরও ১৫টি ট্রেন বন্ধ হয়ে গেছে। নতুন করে চালক নিয়োগ না হওয়া পর্যন্ত কলেজ ট্রেন হিসেবে পরিচিত ৪৯১ আপ ও ৪৯২ ডাউন ট্রেনটি আর চালানো সম্ভব নয়।পশ্চিম বগুড়ার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র তালোড়া এলাকার ব্যবসায়ী আমিনুল ইসলাম জানান, ট্রেনটি বন্ধ হওয়ায় শুধু কর্মজীবী মানুষই নয়, ব্যবসায়ীদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে। বগুড়া সরকারি আযিযুল হক কলেজের ছাত্র সোনাতলা উপজেলার বাসিন্দা একরামুল হক জানান, ট্রেনটি বন্ধ করায় ওই অঞ্চলে তাঁর মতো কয়েক শ শিক্ষার্থীকে কলেজে যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে।বগুড়ার স্টেশনমাস্টার বেঞ্জুরুল ইসলাম জানান, চালকসংকটের কারণে ৬ সেপ্টেম্বর থেকে কলেজ ট্রেনের চলাচল বন্ধ হয়ে গেছে। বিকল্প হিসেবে চুক্তিভিত্তিক চালক নিয়োগের চিন্তাভাবনা চলছে। রেলের বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ডিএমই) তাপস কুমার জানান, চালকের ২৫৪টি পদের বিপরীতে বর্তমানে কর্মরত আছেন মাত্র ১১০ জন। চালকসংকটের কারণে ওই বিভাগের মোট ১৫টি ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।