চালকসহ তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪
ফেনীর সোনাগাজী ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গতকাল বুধবার সড়ক দুর্ঘটনায় অটোরিকশার এক চালকসহ তিনজন এবং গত মঙ্গলবার ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আরও একজন নিহত হন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:ফেনী: ফেনী-সোনাগাজী সড়কের পানেরবর এলাকায় গতকাল যাত্রীবাহী একটি বাস একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী হাবিবুল বাশার (২৮) নিহত হন। তিনি শেরপুরের মুন্সিরচর গ্রামের আবদুল করিমের ছেলে এবং ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান একিম ফার্মাসিউটিক্যালসের ফেনী এলাকার বিক্রয় প্রতিনিধি ছিলেন। শ্রীমঙ্গল (মৌলভীবাজার): ঢাকা-মৌলভীবাজার মহাসড়কের বিলাস সেতুতে গতকাল সিএনজিচালিত একটি অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার চালক শ্রীমঙ্গল উপজেলার মধ্য লইয়ারকুল এলাকার আবদুল খালেক (৫০) ও আরোহী মৌলভীবাজার সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের স্বপ্না রানী দেবী (৩০) নিহত এবং আরও তিনজন আহত হন। আহতদের মধ্যে অটোরিকশা আরোহী শামীম আহমদকে (৩৫) আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ট্রাকটি আটক করেছে। ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): উপজেলার ঈশ্বরগঞ্জ-আঠারবাড়ি সড়কের বগাপুতা এলাকায় পিকআপের চাপায় মো. শুক্কুর আলী (৫০) নামের এক ব্যক্তি নিহত হন। গত মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে।