চালক না থাকায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্সটি প্রায় দুই বছর ধরে গ্যারেজে পড়ে আছে। এ কারণে প্রতিদিন দুর্ভোগে পড়ছে রোগীরা।
স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী ও একজন চিকিৎসক বলেন, প্রায় দুই বছর আগে চালক মাসুদ মিয়া গৌরীপুরে সন্ত্রাসী হামলার শিকার হয়ে গুরুতর আহত হন। এরপর তিনি দীর্ঘদিনের চিকিৎসায় সুস্থ হন। পরে নিরাপত্তার কারণে তিনি গৌরীপুর থেকে বদলি হয়ে অন্যত্র চলে যান। এ ঘটনার পর সরকারি চালকেরা এ স্বাস্থ্য কমপ্লেক্সে আসতে চান না। গত মে মাসে টাঙ্গাইলের একটি স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে প্রেষণে একজন চালক আসেন। তিনি তিন সপ্তাহ কাজ করার পর চলে যান।
স্বাস্থ্য কমপ্লেক্সের দুজন চিকিৎসক বলেন, সেবা নিতে আসা রোগীদের মধ্যে প্রতিদিন গড়ে আটজন রোগীকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সের ভাড়া ৫০০ টাকা। সেটা না চলায় তিন গুণ বেশি টাকা গাড়িভাড়া দিয়ে রোগীদের ময়মনসিংহে পাঠাতে হয়। এতে নিম্ন আয়ের লোকজন বিপাকে পড়েন।
গৌরীপুর শহরের বাসিন্দা আরিফ আহমেদ বলেন, গত ২৩ সেপ্টেম্বর রাতে তাঁর নয় দিন বয়সী শিশুর শ্বাসকষ্ট শুরু হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। অ্যাম্বুলেন্স বা ভাড়া গাড়ি না পাওয়ায় ঘণ্টা খানেক সময় চলে যায়। পরে সিএনজিচালিত অটোরিকশায় করে তাকে ময়মনসিংহ পাঠানো হয়। কিন্তু পথেই শিশুটি মারা যায়।
স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্র আরও জানায়, পাঁচ বছর ধরে দুটি অচল অ্যাম্বুলেন্স স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতর পড়ে থেকে নষ্ট হচ্ছে। অচল অ্যাম্বুলেন্স দরপত্র আহ্বান করে বিক্রি করে দেওয়ার নিয়ম।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হাবিবুর রহমান ফকির বলেন, আগে এক চালককে মারধর করার পর থেকেই এখানে কোনো চালক আসতে চান না। এ বিষয়ে চালকদের সংগঠনের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করা হচ্ছে। আর অচল অ্যাম্বুলেন্স দুটি দ্রুত বিক্রি করে দেওয়া হবে।