চালকের অসতর্কতায় প্রাণ গেল দুজনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের বলিয়ারপুরে গত শুক্রবার দিবাগত রাতে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে দুজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। হতাহত ব্যক্তিরা মাইক্রোবাসের যাত্রী ছিলেন। চালকের অসতর্কতার কারণে এ দুর্ঘটনা ঘটে বলে আহত ব্যক্তিরা জানিয়েছেন৷
নিহত ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জ পৌর এলাকার রামগাতি মহল্লার গোলাম মর্তুজা (৫০) ও মিরপুর মহল্লার আতাব আলী (৪৮)। আহত পাঁচজনকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর৷ তাঁরা হলেন সিরাজগঞ্জের সদর উপজেলার বকুল শেখ, আজম মুন্সী ও মো. জহির৷ তাঁরা সিলেটে মাজার জিয়ারত করে বাড়ি ফিরছিলেন।
সাভার থানা সূত্রে জানা গেছে, শুক্রবার রাত তিনটার দিকে মাইক্রোবাসটি ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে এটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়৷ যাত্রীরা এর ভেতরে আটকা পড়েন। দুর্ঘটনার বিকট শব্দে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যায়৷ তারা পাঁচজন যাত্রীকে মাইক্রোবাস থেকে টেনে বের করতে পারলেও দুজন ভেতরে রয়ে যান। এর কিছু সময় পর ওই দুই যাত্রী মারা যান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে আর লাশ থানায় নিয়ে আসে।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বকুল শেখ বলেন, বারবার মানা করার পরও চালক দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিলেন। আর এ কারণেই দুর্ঘটনা ঘটে।