খুলনা বিশ্ববিদ্যালয়ের সেই বাসচালক মোড়ল রেজাউল হক গতকাল বৃহস্পতিবার খুলনা মুখ্য বিচারিক হাকিমের আদালতে আত্মসমর্পণ করেছেন। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ ও আদালত সূত্র জানায়, বাসচালক রেজাউল হক দুপুর ১২টার দিকে খুলনা মুখ্য বিচারিক হাকিম মোস্তাফিজুর রহমানের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাঁকে কারাগারে নেওয়া হয়।রেজাউলকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। আগামী রোববার এই আবেদনের ওপর শুনানি হবে।এদিকে বাসচালকের আত্মসমর্পণের খবরে সব আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাঁরা বলেছেন, বাসচালকের সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত বিষয়টির ওপর নজর রাখবেন। গত মঙ্গলবার ক্যাম্পাসের চার রাস্তার মোড়ে বিশ্ববিদ্যালয়ের একটি বাসের নিচে চাপা পড়ে ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি বিভাগের প্রথম বর্ষের ছাত্র শেখ হাদিউল ইসলাম নিহত হন। বাসটি রেজাউল হক চালাচ্ছিলেন।