ঢাকা-সিলেট মহাসড়কের সিলেট অঞ্চলে ঈদের পর গত বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। ওই দিন নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস মহাসড়ক থেকে খাদে পড়ে যায়। চালকের সহকারী বেপরোয়া গতিতে বাসটি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গঠিত হাইওয়ে পুলিশের তদন্তে এসব তথ্য পাওয়া গেছে।
বাস চালকের ওই সহকারীর নাম তাহের মিয়া (২৫)। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার তিতাসপাড়া এলাকায়। গত শনিবার পুলিশ পরিবারের কাছে তাঁর লাশ হস্তান্তর করেছে।
সিলেটের ওসমানীনগর থানার পুলিশ জানায়, সিলেটের মহাসড়ক পুলিশের (হাইওয়ে) পরিদর্শক নূরুন নবী বাদী হয়ে দুর্ঘটনার জন্য ‘অজ্ঞাত বাসচালক’কে আসামি করে মামলা করেছেন। দুর্ঘটনার পরপরই চালক বা সহকারী কাউকে না পাওয়ায় শুধু বাসযাত্রীদের কাছ থেকে পাওয়া তথ্য মামলার এজহারে উল্লেখ করা হয়। দুর্ঘটনার পর কোনো তদন্ত কমিটি গঠিত হয়নি। তবে থানা-পুলিশের দাবি, মামলা সূত্রে হাইওয়ে পুলিশ ঘটনার তদন্ত করছে।
পুলিশ সূত্রে জানা গেছে, যুগান্তর পরিবহন বাসটি গত বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেটের উদ্দেশে রওনা দেয়। দুপুর সাড়ে ১২টার দিকে ওসমানীনগরের ব্রাহ্মণগাঁওয়ের কাছে এসে সড়কে পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে নিহত হয় চারজন। এর মধ্যে তাৎক্ষণিকভাবে দুজন নারী, এক শিশুর পরিচয় পাওয়া গেলেও একটি লাশের পরিচয় মেলেনি। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মরদেহ একদিন অজ্ঞাত হিসেবে থাকার পর শুক্রবার পরিচয় মেলে ওই লাশের। তিনিই বাসচালকের সহকারী তাহির মিয়া।