চালকের আসনে সহকারী তালগাছে ধাক্কা খেল বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসে করে দিনাজপুরের স্বপ্নপুরে পিকনিকে যাচ্ছিল যশোরের চৌগাছা উপজেলার বর্নি রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। বাস চালাচ্ছিলেন চালকের সহকারী। চৌগাছা সদর থেকে বাসচালকের ওঠার কথা ছিল। এর আগেই উপজেলার পুড়াপাড়া খড়িঞ্চা দানবাক্স এলাকায় গত বুধবার রাত সাড়ে নয়টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে তালগাছের সঙ্গে ধাক্কা খায়। মুহূর্তে ঝরে যায় পাঁচটি প্রাণ।
এ ছাড়া হবিগঞ্জের চুনারুঘাটে গতকাল বৃহস্পতিবার ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। ফরিদপুর, গোপালগঞ্জ ও শেরপুরে গতকাল পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও পাঁচজন।
ঢাকার বাইরে প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
যশোরের চৌগাছায় নিহত পাঁচজনের মধ্যে চারজন ছিলেন বাসের আরোহী। তাঁরা হলেন বর্নি রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জহুরুল ইসলাম, অষ্টম শ্রেণির শিক্ষার্থী বৃষ্টি খাতুন ও সুমাইয়া খাতুন এবং চালকের সহকারী মিলন হোসেন। ঘটনাস্থলে একটি চায়ের দোকানে বসে থাকা স্থানীয় মো. মিলন নামের এক তরুণও নিহত হয়েছেন। এ ছাড়া এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন। গুরুতর আহত স্কুলের অফিস সহকারী সত্য কুমার নায়েক, অষ্টম শ্রেণির শিক্ষার্থী ইপা এবং নিহত শিক্ষক জহুরুলের ছেলে অভিকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের যশোর জেনারেল হাসপাতাল ও চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
বর্নি রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, ‘বাসটি হেলপার চালাচ্ছিল। বিষয়টি পরে জানতে পেরেছি। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশে তালগাছের সঙ্গে ধাক্কা খায়।’
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক মো. মোহসীন মিয়া বলেন, ভাঙ্গা পৌরসভার আতাদি এলাকায় সুবর্ণা ফিলিং স্টেশনের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে ভাঙ্গাগামী একটি মোটরসাইকেলকে পেছন থেকে চাপা দেয় বরিশালগামী একটি যাত্রীবাহী বাস। এ ঘটনায় ভাঙ্গার চান্দ্রা গ্রামের মৃত সালাম মাতুব্বরের ছেলে রাজিব মাতুব্বর নিহত হন।
গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক ফয়সাল আহম্মেদ বলেন, গোপালগঞ্জ সদরে ঢাকা-খুলনা মহাসড়কের বেদগ্রামে একটি ট্রাক গতকাল দুপুরে কোটালীপাড়ার হিজলবাড়ি গ্রামের রফিকুল ইসলামের মেয়ে মাদ্রাসা শিক্ষার্থী নাদিরা খাতুনকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।