চালকের আসনে সহকারী বাসচাপায় মুক্তিযোদ্ধা নিহত
মাদারীপুরের শিবচরের কাওরাকান্দি ফেরিঘাটে গতকাল বুধবার ভোরে বাসের চাপায় মুক্তিযোদ্ধা আজিজ গাজী নিহত হয়েছেন। তিনি বরগুনা জেলার বামনা উপজেলার ডেউয়াতলা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার। এ সময় বাসটি চালকের সহকারী চালাচ্ছিলেন বলে জানা যায়।হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল ভোরে বরগুনা থেকে ঢাকাগামী মেঘনা পরিবহনের একটি বাস কাওরাকান্দি ফেরিঘাটের ভিআইপি মোড়ে পৌঁছায়। কিন্তু ঘাটে কোনো ফেরি না থাকায় কয়েকটি গাড়ির সঙ্গে মেঘনা পরিবহনের বাসটিকেও অপেক্ষায় থাকতে হয়। এই সুযোগে বাসের যাত্রী ও চালক সবাই হোটেলে খাবার খেতে বসে। এ সময় ঘাটে একটি ফেরি এলে বাসটির চালকের সহকারী শহিদুল মিয়া (১৫) দ্রুত গাড়ি চালাতে শুরু করে। তখন বাসের দরজায় দাঁড়িয়ে থাকা আজিজ গাজী নিচে ছিটকে পড়েন। শহিদুল তখন বাসটি না থামিয়ে এগিয়ে যায়। এতে বাসের পেছনের চাকায় চাপা পড়ে আজিজ গাজী ঘটনাস্থলেই মারা যান। পাচ্চর হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সহকারী চালক ও বাসটিকে আটক করেছে। তবে চালক জিল্লাল পালিয়ে গেছেন।শিবচর হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. আসাদুজ্জামান বলেন, এ বিষয়ে শিবচর থানায় একটি মামলা হয়েছে। শহিদুলকে জেলহাজতে পাঠানো হয়েছে।