ধানমন্ডির সাতমসজিদ রোড। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে সাতটা। স্কুলগামী বাবা-মেয়েকে ধাক্কা দিলে একটি মাইক্রোবাস আটক করে লোকজন। দেখা যায়, গাড়িটির চালকের আসনে ১১ বছরের এক স্কুলছাত্র। আর মূল চালক বসে আছেন তার পাশে।
সাত মসজিদর রোডের শংকর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এতে মেয়ে ও বাবা মেয়ে আহত হয়েছেন। গাড়ি, মূল চালক ও ওই স্কুলছাত্রকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
আহত গৌর সংকর মুখার্জি প্রথম আলোকে বলেন, পরিবারসহ তিনি শংকরের জাফরাবাদ এলাকায় থাকেন। তাঁর মেয়ে নিকিতা মুখার্জি (১০) ছায়ানটের নালন্দা স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ে। গতকাল সকাল সাড়ে সাতটার দিকে মেয়েকে নিয়ে তিনি স্কুলে যাচ্ছিলেন। তিনি বলেন, ‘শংকরে রাস্তা পার হয়ে ছায়ানটের দিকে যাব, রাস্তার মাঝখানের ডিভাইডার পর্যন্ত প্রায় পৌঁছে গেছি, এ সময় জিগাতলার দিক থেকে দ্রুতগতিতে একটি নোয়াহ মাইক্রোবাস এসে আমাকে ও আমার মেয়েকে ধাক্কা দেয়। লোকজন আমাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।’
গৌর সংকর বাঁ হাতের কনুইতে আঘাত পেয়েছেন। শিশু নিকিতার কোমর, হাঁটুসহ শরীরের বিভিন্ন অংশ ছিলে গেছে। প্রাথমিক চিকিৎসা নিয়ে দুজনই হাসপাতাল ছেড়েছেন।
ধানমন্ডি থানার পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছেন, দুর্ঘটনার পর উপস্থিত লোকজন মাইক্রোবাসটি আটক করেন। এ সময় দেখা যায়, মাইক্রোবাসটি চালাচ্ছিল নুরুন্নবী নামের ১১ বছরের এক শিশু। সে লালমাটিয়ার একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে।
জানতে চাইলে ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, নুরুন্নবীর বাসা জিগাতলায়। বাসা থেকে তাঁকে গাড়িতে করে স্কুলে পাঠানো হয়েছিল। কিন্তু গাড়িচালক মো. জসিমকে (৩০) পাশে বসিয়ে নুরুন্নবী নিজেই গাড়িটি চালাচ্ছিল। পুলিশ গাড়ি (ঢাকা মেট্রো চ ১৯-১৬৫০), চালক জসিম ও স্কুলছাত্র নুরুন্নবীকে হেফাজতে নিয়েছে। এ ঘটনায় গতকাল বিকেল পর্যন্ত মামলা হয়নি। মামলা হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
মামলার ব্যাপারে জানতে চাইলে আহত গৌর সংকর মুখার্জি প্রথম আলোকে বলেন, ওই স্কুলছাত্রের বাবা আনোয়ার হোসেন তাঁর পূর্বপরিচিত। ঘটনার পর আনোয়ার হোসেন তাঁর সঙ্গে যোগাযোগ করে দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। আনোয়ার হোসেন জানতেন না তাঁর ছেলে গাড়ি চালায়। তিনি বলেন, অপরাধ যে করেছে সে-ও শিশু। তাই তিনি মামলা না করার সিদ্ধান্ত নিয়েছেন।