চালকের কানে ফোন, দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরের কাছে কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক সড়কে মাইক্রোবাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। আজ রোববার বেলা সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের দাবি, দুর্ঘটনার সময় মাইক্রোবাসের চালক মোবাইল ফোনে কথা বলছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার জানান, কক্সবাজার থেকে টেকনাফগামী মাইক্রেবাসের সঙ্গে টেকনাফ থেকে হ্নীলা ইউনিয়নগামী মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে একজন নারী ও একজন যুবক। তাঁদের পরিচয় জানা যায়নি।

ওসি আরও জানান, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। মাহিন্দ্রাটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।