চালকের খামখেয়ালিতে বাস নদীতে, নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কালিহাতী উপজেলার পৌলি সেতুর রেলিং ভেঙে গতকাল মঙ্গলবার একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে যায়৷ এতে তিন যাত্রী নিহত ও অন্তত ৩২ জন আহত হন। চালকের খামখেয়ালিতে এ দুর্ঘটনা ঘটেছে বলে আহত যাত্রীরা অভিযোগ করেছেন৷ একই দিন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বাসের চাপায় আশুগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নাসিরউদ্দিন শরীফ (৪৩) নিহত হন৷
কালিহাতীতে নিহত তিনজন হলেন বগুড়ার গাবতলী উপজেলার জিন্নাহ, আলমগীর ও রঞ্জু আলম। আহত ব্যক্তিদের মধ্যে ৩১ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুজনের লাশ ওই হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করে নিহত দুজনের লাশ পরিবহনের জন্য ৫০ হাজার টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন৷ টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন ও পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীরও ঘটনাস্থল পরিদর্শন করেন৷
হাইওয়ে পুলিশের এলেঙ্গা ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান জানান, গতকাল বেলা পৌনে একটার দিকে বগুড়া থেকে ঢাকাগামী আরএকে পরিবহনের একটি বাস পৌলি সেতুর ওপর একটি গাড়িকে পাশ কাটিয়ে যাওয়ার সময় সেতুর রেলিং ভেঙে পৌলি নদীতে পড়ে যায়। ঘটনার পর স্থানীয় লোকজন, পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ৩৫ জন যাত্রীকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পথে জিন্নাহ ও আলমগীর মারা যান। আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
আহত বাসযাত্রী বগুড়ার সারিয়াকান্দি উপজেলার শাহীন বলেন, ‘চালক গাড়িটি বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন। বগুড়া থেকে ছেড়ে আসার পর আরও একবার নিয়ন্ত্রণ হারিয়েছিল। সে সময় অল্পের জন্য রক্ষা হয়। এখানে এসে আর নিয়ন্ত্রণ রাখতে পারেননি।’ ঢাকায় রিকশা চালান আবু হাসান। বাড়িতে বেড়াতে এসেছিলেন কিছুদিন আগে। ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি। আবু হাসান বলেন, ‘অনেক দূরের পথ হওয়ায় গাড়িতে ঘুমিয়ে পড়ি। হঠাৎ ঝাঁকুনি খেয়ে গাড়িটি নদীতে পড়ে যায়। এরপর আর কিছুই মনে করতে পারিনি।’
গতকাল আশুগঞ্জ থানার সামনে দুর্ঘটনায় নিহত হন ওই থানার এসআই নাসিরউদ্দিন শরীফ। তিনি চট্টগ্রামের হাটহাজারী থানার শরিফবাড়ি গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে। তাঁর স্ত্রী লুৎফুন্নেছা চট্টগ্রামের পুলিশের উপমহাপরিদর্শক কার্যালয়ে পরিদর্শক হিসেবে কর্মরত আছেন৷
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সকাল নয়টার দিকে নাসিরউদ্দিন মোটরসাইকেল নিয়ে থানা থেকে ঢাকা-সিলেট মহাসড়কে ওঠেন। ওই সময় ঢাকাগামী রয়েল পরিবহনের একটি বাস তাঁকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। বাসটি আটক করেছে পুলিশ। তাঁর লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) জাহিদুল ইসলাম বলেন, গতকাল আশুগঞ্জের গোল চত্বরে নাসিরউদ্দিনের দায়িত্ব ছিল। সেখানে যাওয়ার সময় পেছন দিক থেকে বাসটি তাঁকে ধাক্কা দেয়। এ ঘটনায় বাসচালক এবং হেলপার কাউকেই আটক করা যায়নি। তবে আশুগঞ্জ থানায় একটি দুর্ঘটনার মামলা দায়ের করা হবে।