চালকের গলা কেটে অটোরিকশা ছিনতাই
বগুড়ার ধুনট উপজেলায় যাত্রীবেশী দুষ্কৃতকারীরা বুধবার রাতে অটোরিকশাচালক জিয়াউল হককে (২৪) গলা কেটে হত্যা করে অটোরিকশা নিয়ে গেছে।এ ঘটনার বিচার ও ছিনতাইকারীদের গ্রেপ্তারের দাবিতে উপজেলার অটোরিকশা মালিক শ্রমিক যৌথ উদ্যোগে গতকাল শুক্রবার আট ঘণ্টা ধর্মঘট পালন ও থানায় স্মারকলিপি দেওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অটোরিকশাচালক জিয়াউল হক উপজেলার কালেরপাড়া ইউনিয়নের চকপাড়া গ্রামের আবদুর রহমানের ছেলে। তিনি এক মাস ধরে এক ব্যক্তির কাছ থেকে একটি অটোরিকশা ভাড়া নিয়ে চালাতেন।ধুনট বাজারের অটোরিকশাচালকদের চেইন মাস্টার জর্জিস জানান, বুধবার রাত সাড়ে সাতটার দিকে চারজন যাত্রী ধুনট বাজার থেকে জিয়াউল হকের অটোরিকশাটি ৬০০ টাকায় ভাড়া করে উত্তর দিকে জোড়গাছা এলাকার দিকে যায়। পথে তারা চিকাশি ইউনিয়নের জোড়শিমুল রাস্তায় ধানঘরা মাঠের কাছে জিয়াউলকে গলা কেটে হত্যা করে তাঁর অটোরিকশাটি নিয়ে যায়। বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে এলাকার কৃষকেরা কাজ করতে গিয়ে ধানখেতে একটি লাশ দেখতে পান। তাঁরা থানায় খবর দিলে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। অটোরিকশা শ্রমিকদের সভাপতি বদরুল আলম জানান, এ ঘটনার প্রতিবাদে উপজেলা অটোরিকশা মালিক শ্রমিক যৌথ উদ্যোগে গতকাল সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত আট ঘণ্টা ধর্মঘট পালন করেছে। শেষে শ্রমিক নেতারা ধুনট থানায় একটি স্মারকলিপি ও প্রতিবাদ সমাবেশ করেন।