চালকের ঘুমে ট্রাক সড়ক বিভাজনে

ট্রাক চালাতে চালাতে ঘুমিয়ে পড়েছিলেন চালক আব্বাস আলী। কিছু বুঝে ওঠার আগেই ট্রাকটি মোড় নিয়ে সড়ক বিভাজনের ওপর উঠে যায়। এতে ট্রাকটির সামনের দুই চাকা খসে পড়ে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কুষ্টিয়া মজমপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ট্রাক সড়কের মাঝখানে বিকল হয়ে পড়ে থাকায় মজমপুর মহাসড়ক এলাকায় আজ শুক্রবার সকাল থেকে শুরু হয় যানজট। বেলা দুইটার দিকে ট্রাকের মালিক গিয়ে ব্যক্তিগত উদ্যোগে ট্রাকটি সরিয়ে নেন।
ট্রাকচালকের সহকারী সবুজ বিশ্বাস প্রথম আলোকে জানান, রাত একটার দিকে যশোর থেকে খালি ট্রাকটি কুষ্টিয়া গড়াই নদে বালু আনতে যাচ্ছিল। রাত তিনটার দিকে চালক আব্বাস আলী ঘুমিয়ে পড়েন। এ সময় হঠাত্ করে ট্রাকটি সড়ক বিভাজনের ওপর উঠে যায়। ঘটনার পর আব্বাস আলী যশোর চলে যান।
মজমপুর রেলগেটে ট্রাফিক কার্যালয় সূত্রে জানা গেছে, মালিক গিয়ে ট্রাকটি সরিয়ে নিয়েছেন।