চালকের ঘুমে লাইন ছেড়ে ইঞ্জিন ও বগি প্ল্যাটফর্মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চালক ঘুমিয়ে পড়ায় ইঞ্জিনসহ একটি বগি রেললাইন ছেড়ে উঠে যায় স্টেশনের প্ল্যাটফর্মে। গতকাল বুধবার ভোরে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। ওই সময় স্টেশনে যাত্রী ও রেলকর্মীদের চলাচল কম থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
রেলওয়ে সূত্র জানায়, গতকাল ভোরে পাহাড়তলী রেল রক্ষণাবেক্ষণের ‘মার্শাল ইয়ার্ড’ থেকে মহানগর প্রভাতী এক্সপ্রেসের ১৬টি কোচ (বগি) একটি শান্টিং ইঞ্জিন দিয়ে টেনে আনা হচ্ছিল চট্টগ্রাম স্টেশনের দিকে। ইঞ্জিনটি স্টেশনের নির্ধারিত জায়গায় না থেমে সীমানা অতিক্রম করে প্ল্যাটফর্মে উঠে যায়। ইঞ্জিনটি প্ল্যাটফর্মের প্রায় ৫০ ফুট দূরে স্টেশন ভবনের দেয়ালে গিয়ে ধাক্কা খায়। এতে ইঞ্জিনের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। প্ল্যাটফর্মের মেঝে ক্ষতিগ্রস্ত হয়। স্টেশন থেকে প্ল্যাটফর্মে প্রবেশের কারণে কাচের দরজা ভেঙে চূর্ণ হয়ে যায়।
রেলওয়ের পয়েন্টসম্যান আবদুর রহিম প্রথম আলোকে বলেন, ‘বিকট শব্দে ইঞ্জিন ও কোচ প্ল্যাটফর্মে উঠে যাওয়ার পর আমি দ্রুত বাসা থেকে ঘটনাস্থলে ছুটে যাই। চট্টগ্রাম স্টেশন কলোনিতেই আমার বাসা। ঘটনাস্থলে গিয়ে শান্টিং ইঞ্জিন ও একটি কোচ রেললাইন থেকে প্ল্যাটফর্মের প্রায় ৫০ ফুট পর্যন্ত উঠে যেতে দেখি। ওই সময় স্টেশনে লোকজনের আনাগোনা তেমন ছিল না বলে হতাহতের ঘটনা ঘটেনি।’
আবদুর রহিম বলেন, ‘চট্টগ্রাম থেকে ঢাকাগামী প্রভাতীর কোচগুলোকে শান্টিং ইঞ্জিন দিয়ে টেনে আনছিলেন সহকারী লোকো মাস্টার ও সাব-লোকো মাস্টার। তাঁরা দুজনই ইঞ্জিনে ঘুমোচ্ছিলেন বলে জানতে পেরেছি। এ কারণেই দুর্ঘটনা ঘটে।’
ইঞ্জিনের সাব-লোকো মাস্টার (চালক) এ কে এম জহিরুল হক প্রথম আলোকে বলেন, ‘আমি তখন তন্দ্রাচ্ছন্ন ছিলাম। এ অবস্থায় দুর্ঘটনাটি ঘটে। আসলে পর পর দুই রাতে আমি নাইট ডিউটি করেছি। এ কারণে দুর্ঘটনা ঘটেছে, এর জন্য আমি দায়ী।’
রেল কর্তৃপক্ষ সাময়িক বরখাস্ত করেছে সাব-লোকো মাস্টার এ কে এম জহিরুল হক ও সহকারী লোকো মাস্টার এমরান হোসেনকে। দুর্ঘটনার তদন্তে দুটি কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। একটি কমিটির প্রধান হলেন রেলওয়ে পূর্বাঞ্চলের অতিরিক্ত প্রধান পরিচালন কর্মকর্তা এ কে এম মকসুদুল আরেফিন এবং অন্যটির প্রধান হলে বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফিরোজ ইফতেখার। তাঁদের তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, ‘দুর্ঘটনার কারণ আমরা বের করতে পেরেছি। চালক ঘুমের ঘোরে ট্রেনটি চালিয়ে আনার কারণে শান্টিং ইঞ্জিন ও একটি কোচ রেললাইন থেকে প্ল্যাটফর্মে উঠে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক এটি স্বীকার করেছে। দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’
দুর্ঘটনার কারণে গতকাল মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেন একটি বগি কম নিয়ে নির্ধারিত সময়ের ৫০ মিনিট পর ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ছেড়ে যায়।
রেলওয়ে সূত্র জানায়, দুর্ঘটনার পর টানা কয়েক ঘণ্টার চেষ্টায় দুপুর ১২টার দিকে প্ল্যাটফর্ম থেকে শান্টিং ইঞ্জিন ও কোচটি উদ্ধার করে মার্শাল ইয়ার্ডে নিয়ে যাওয়া হয়।