চালকের চোখে ঘুম, বাস খাদে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশ কয়েকবার সতর্ক করেছেন যাত্রীরা। চালক তার পরও কথা শোনেননি। চোখে ঘুম নিয়ে বেপরোয়া গতিতে চালিয়েছেন মামুন স্পেশাল নামের বাসটিকে। যার কারণে চট্টগ্রামের সীতাকুণ্ডের পাক্কা মসজিদ এলাকায় এসে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ট্রাকও দুমড়ে-মুচড়ে ওই খাদে পড়ে।
এতে বাসচালক জাকির হোসেন (৩৬) গুরুতর আহত হন। দুর্ঘটনায় সৌভাগ্যক্রমে বেঁচে যান ৪৫ যাত্রীর সবাই। তবে ১০ যাত্রী আহত হন। স্থানীয় ব্যক্তিরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। গতকাল সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
সিরাজুল ইসলাম, সাহাব উদ্দীনসহ বেশ কয়েকজন যাত্রী প্রথম আলোকে বলেন, মিরসরাইয়ের জোরারগঞ্জ অতিক্রম করার পর চালক ঘুমের ঘোরে বাসটিকে এলোমেলোভাবে চালাতে থাকেন। যাত্রীরা তাঁকে পানি খেতে, চোখে পানি দিতে বললেও তিনি না শুনে বেপরোয়া গতিতে চালাতে থাকেন।