চালকের জামিনে সহযোগিতা করার সুযোগ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের পুলিশ সুপার মো. জামিল হাসান বলেছেন, ২২ জন যাত্রীর অভিযোগের ভিত্তিতে পুলিশ সোহাগ পরিবহনের বাসচালক আয়নাল ও হেলপার শাকিলকে বাস ডাকাতির অভিযোগে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। তাঁদের জামিনের ব্যাপারে সহযোগিতা করার কোনো সুযোগ পুলিশ সুপারের নেই।
গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ফরিদপুরের পুলিশ সুপার তাঁর নিজ কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন।
পুলিশ সুপার জামিল হাসান বলেন, ১৯ মে ভোরে ডাকাতি সংঘটিত হওয়া বাসের ২২ জন যাত্রীর অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই বাসের চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সুপার বলেন, যাত্রীবেশী সাত ডাকাত আশুলিয়া থেকে বাসে ওঠে। ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকা পার হওয়ার পরপরই ওই ডাকাতেরা বিনা বাধায় চালকের কাছ থেকে গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে ডাকাতি করে। ডাকাতির পর যাত্রীদের দাবির মুখে বাধ্য হয়ে চালক বাসটি ঢাকা-খুলনা মহাসড়কে মধুখালী রেলগেট এলাকায় থামালে যাত্রীরাই মধুখালী থানায় ফোন করে ঘটনাটি জানান।
জামিল হাসান বলেন, ‘মালিক সমিতির নেতারা আমার কাছে বাসচালক ও হেলপারের জামিনের ব্যাপারে সহযোগিতা চেয়েছেন। কিন্তু আমার পক্ষে কোনোভাবেই সহযোগিতা করা সম্ভব নয়। জামিন দেওয়ার বিষয়টি আদালতের এখতিয়ার।’ তিনি বলেন, মালিক ও শ্রমিকেরা জনগণকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করে ও তাঁদের জিম্মি করে ধর্মঘট করে বাস ডাকাতির মামলার আসামিদের জামিনের সুযোগ নিতে চান। কিন্তু §আইন তার নিজস্ব গতিতে চলবে।
১৯ মে সকালে ঢাকা থেকে বেনাপোলগামী সোহাগ পরিবহনের একটি বাসে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ওই বাসের চালক, সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে ডাকাতির মামলা হয়। ্রেপ্তার করা হয় চালক ও হেলপারকে।
একই দিন মহাসড়কে যানবাহন চলাচলে বাধা দেওয়ায় মধুখালী থানায় দ্রুত বিচার আইনে আরেকটি মামলা হয়। এ মামলায় সোহাগ পরিবহনের মধুখালী রেলগেটের কলারকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শ্রমিকদের মুক্তিসহ তিন দফা দাবিতে ২০ মে থেকে খুলনা অঞ্চলের পরিবহন মালিক ও শ্রমিকেরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকে। এর ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০টি জেলায় বাস চলাচল বন্ধ রয়েছে। এতে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।