চালকের দোষেই জাহাজডুবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মংলা বন্দরের পশুর নদে ডুবে যাওয়া কয়লাবাহী জাহাজডুবির ঘটনায় গঠিত বন বিভাগের তদন্ত কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। গত বৃহস্পতিবার রাতে বিভাগীয় বন কর্মকর্তার দপ্তরে এ তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। এতে ডুবে যাওয়া লাইটার জাহাজ এমভি জিয়ারাজের চালকের অদক্ষতা ও উদাসীনতাকেই দায়ী করেছে বন বিভাগ।
এদিকে লাইটার জাহাজটির উদ্ধার তৎপরতা এখনো শুরু করতে পারেনি মালিকপক্ষ। ফলে ক্রমেই ডুবন্ত লাইটারটি স্রোতের টানে গভীর পানিতে বালুতে আটকে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।
জাহাজডুবির ঘটনায় বন বিভাগের গঠিত তিন সদস্যের তদন্ত কমিটির প্রধান, পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, লাইটার জাহাজের চালক বুলু গাজীর গাফিলতি ও অদক্ষতার কারণেই মূলত ৫১০ টন কয়লাবোঝাই জাহাজটি মংলা বন্দরের পশুর চ্যানেলে ডুবে যায়। হাড়বাড়িয়া এলাকায় অবস্থানরত বিদেশি জাহাজ এমভি গাল্বস্টোন থেকে কয়লা বোঝাই করে মঙ্গলবার রাত ১০টার দিকে যশোরের নওয়াপাড়ার উদ্দেশে রওনা হওয়ার কিছু পরেই জাহাজটিতে পানি উঠতে থাকে। কিন্তু¦চালক জাহাজটি তারপরও চালিয়ে যেতে থাকেন। ফলে এ দুর্ঘটনা ঘটে।
বেলায়েত হোসেন বলেন, ‘আমরা সুপারিশ করেছি, মংলা বন্দর কর্তৃপক্ষ যেন একটি উদ্ধারকারী জাহাজ সংগ্রহ করে, যেটি তাৎক্ষণিক বিপদে সহায়তা করবে। আরও বলেছি পশুর চ্যানেলে চলাচলরত লাইটার জাহাজগুলোর ফিটনেস সার্টিফিকেট ও চালকদের লাইসেন্সের ব্যবস্থা করতে।’ তিনি দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লাইটারটি উদ্ধারের অনুরোধ করেন।
এর আগে গত ৯ ডিসেম্বর সুন্দরবনে শ্যালা নদীতে সাড়ে তিন লাখ লিটারসহ একটি তেলের ট্যাংকারডুবির ঘটনা ঘটে। পরবর্তী সময়ে ৫ মে সারবাহী আরেকটি জাহাজ ডুবে যায়। এ দুটি ঘটনাতেই জাহাজ চলাচল নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোর তদারকির অভাব ও চালকের অদক্ষতাকে দায়ী করা হয়।