চালকের ফোনালাপ এবার তিন ভাইসহ নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের কাউনিয়া উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে তিন ভাইসহ ছয়জন নিহত এবং অপর ৩০ জন আহত হয়েছে। গত বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও কাউনিয়া স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।নিহত ব্যক্তিরা হলেন: কুড়িগ্রামের নাগেশ্বরী শিবেরহাট এলাকার তিন ভাই আবদুল ছালাম (৪৫), আবদুল কাদের (২৬) ও সাইফুল ইসলাম (২২)। অপর তিনজন হলেন: ইসলামপুরের দুলাল মিয়া (২০), হানিফ মিয়া (২৭) ও সাইদুল ইসলাম (২৫)।আহত যাত্রী আশরাফুল ইসলাম ও আবু বক্কর জানান, চালক শুরু থেকে বেপরোয়াভাবে বাসটি চালাচ্ছিলেন এবং বারবার মুঠোফোনে কথা বলছিলেন। এ কারণেই দুর্ঘটনা ঘটে। তাঁরা আরও জানান, বাসটিতে থাকা বেশির ভাগ যাত্রীই কাজের খোঁজে ঢাকায় যাচ্ছিল।পুলিশ ও আহত যাত্রীরা আরও জানায়, কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থেকে যাত্রীবোঝাই একটি বাস বৃহস্পতিবার ঢাকা যাচ্ছিল। রংপুরের কাউনিয়া উপজেলার মীরবাগ বিজলের ঘুমটি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে বাসটি উল্টে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও পুলিশ এক ঘণ্টা চেষ্টার পর আহত ব্যক্তিদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহত ব্যক্তিরা হলেন: আলমগীর হোসেন, সোলায়মান মিয়া, রফিকুল ইসলাম, শাহানুর মিয়া, এন্তাজুল ইসলাম, এরশাদুল হক, আবু বক্কর, দুলাল মিয়া, জাবেদ হোসেন, খলিল মিয়া, দুলু মিয়া, কফিল উদ্দিন, আশরাফুল ইসলাম, আতাউর রহমান, মিলন মিয়া, বাবু মিয়াসহ ৩০ জন।কাউনিয়া থানার কর্মকর্তা মজিবর রহমান ছয়জনের মৃত্যুর সংবাদ নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর চালক ও তাঁর সহকারী পালিয়ে যান।