চালকের বিরুদ্ধে দেড় শ লিটার ডিজেল পাচারের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বতীপুরের একটি ‘ইমারজেন্সি পাইলট ট্রেন’ চালকের বিরুদ্ধে ইঞ্জিন থেকে ডিজেল পাচারের অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার পার্বতীপুর রেলস্টেশনের অদূরে হলদীবাড়ী লেভেল ক্রসিং ব্রিজের কাছে ওই ট্রেন থেকে চালক প্রায় ১৫০ লিটার ডিজেল চোরাকারবারিদের কাছে পাচার করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত সোমবার সান্তাহার থেকে একটি ইমারজেন্সি ট্রেন নিরাপত্তা টহল শেষে পার্বতীপুর রেলস্টেশনে ফেরার পথে বেলা পৌনে ১১টার দিকে লেভেল ক্রসিং ব্রিজের কাছে তেল পাচারের ঘটনা ঘটে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বলেন, ‘ঘটনাচক্রে এ সময় আমি পাশের রাস্তা দিয়ে যাচ্ছিলাম। জটলা দেখে খোঁজ নিয়ে জানলাম ইঞ্জিন থেকে ডিজেল নামানো হয়েছে। পাঁচটি পলিথিনের বস্তায় প্রায় ১৫০ লিটার ডিজেল তখন ভ্যানে করে পাচার করা হচ্ছিল।’
হলদীবাড়ী রেলওয়ে লেভেল ক্রসিংয়ের গেটম্যান আবদুল খালেক এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
তবে ওই ট্রেনের চালক জাহাঙ্গীর আলমের সঙ্গে এ বিষয়ে কথা বলতে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সরাসরি কথা বলবেন বলে জানিয়ে লাইনটি কেটে দেন।