পাবনার বেড়ায় ট্রাকচাপায় স্কুলছাত্র ফাহিম মোন্তাহিন অরিত্রের নিহত হওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। মঙ্গলবার বিকেলে ফাহিমের বাবা স্কুলশিক্ষক হাফিজুর রহমান ট্রাকচালকের বিরুদ্ধে ৩০৪(খ) ধারায় এ মামলা করেন।
এদিকে ঘটনার প্রতিবাদে এবং পৌর এলাকার সড়কে মাটি ও বালুবাহী ট্রাক চলাচল বন্ধের দাবিতে আজ বৃহস্পতিবার বেড়ায় মানববন্ধন পালিত হবে। বেড়া পৌর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক-শিক্ষার্থীরা এ মানববন্ধনে অংশ নেবে। সকাল ১০টায় ফকিরের মোড় থেকে বেড়া বাসস্ট্যান্ড পর্যন্ত এ মানববন্ধন অনুষ্ঠিত হবে। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন মানববন্ধন অনুষ্ঠিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
গতকাল বুধবার সান্ন্যালপাড়া মহল্লায় ফাহিমদের বাড়িতে গিয়ে চোখে পড়ে হূদয়বিদারক দৃশ্য। ফাহিমের বাবা হাফিজুর রহমান বলেন, ‘ট্রাক দেখে আমার ছেলে সড়কের এক পাশে বাইসাইকেল নিয়ে দাঁড়িয়ে পড়েছিল। কিন্তু বেপরোয়াগতির ট্রাকটি তাকে বাঁচতে দেয়নি। আমি এর বিচার চাই।’