চালকের ভুলে সংঘর্ষ, টেম্পোযাত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যানজট দেখে সড়ক বিভাজক অতিক্রম করে উল্টো পথে যাওয়ার চেষ্টা করে টেম্পোটি। কিন্তু বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি কাভার্ড ভ্যান টেম্পোটিকে ধাক্কা দেয়। মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই টেম্পোর চালকের পাশে বসা যাত্রী জাকির হোসেন (২২) নিহত হন।
গতকাল বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে চট্টগ্রামের বন্দর থানাধীন মাইলের মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে টেম্পোচালকসহ আরও চার যাত্রী আহত হন।
নিহত জাকির হোসেন ইপিজেডের একটি পোশাক কারখানার শ্রমিক। আহত ব্যক্তিরা হলেন চালক মো. ফারুক, পোশাকশ্রমিক মুফিদা আক্তার, আঁখি আক্তার ও রিপন (২২)। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বন্দর থানার উপপরিদর্শক (এসআই) দুলাল মিয়া বলেন, টেম্পোচালকের ভুলে দুর্ঘটনা ঘটেছে। কাভার্ড ভ্যানচালককে আটক করা হয়েছে।